সিনহিয়াংয়ে অফিসে নামাজ নিষিদ্ধ
চীনের গোলযোগপূর্ণ পশ্চিমাঞ্চলীয় সিনহিয়াং এলাকায় সরকারি ভবন, বিদ্যালয় ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নামাজসহ অন্যান্য মুসলিম ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। ‘জাতীয় ঐক্য ক্ষুণ্ন করে’—এমন কোনো বার্তা মুঠোফোনে বা ইন্টারনেটে পাঠানোর ওপর জরিমানা আরোপ করা হয়েছে।
গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়, মসজিদের মতো স্বীকৃত ধর্মীয় প্রতিষ্ঠানেই কেবল ধর্মচর্চা করা যাবে। নতুন আইন অনুসারে ধর্মীয় উগ্রপন্থার সঙ্গে ইঙ্গিত বহন করা কোনো পোশাক পরা বা লোগো ব্যবহার যাবে না। এমন কাজে অন্যকে বাধ্যও করা যাবে না।
কিন্তু কী ধরনের পোশাক বা লোগো নিয়ে এ নির্দেশ দেওয়া হয়েছে, তা সুস্পষ্ট নয়।
সরকারের এ আদেশে মুসলমান কর্মীদের ওপর প্রভাব ফেলতে পারে। তাঁদের অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজের অন্তত দুই ওয়াক্ত নামাজ অফিস চলাকালে আদায় করেন। এ ছাড়া ধর্মীয় বাণী শুনতে অনেকেই মুঠোফোন বা কম্পিউটার ব্যবহার করেন।