সিনাইয়ে ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের সিনাই উপদ্বীপের উত্তরাঞ্চলে ১৫ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মরদেহগুলোয় গুলির চিহ্ন রয়েছে। একই এলাকা থেকে আহত অবস্থায় আট অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। খবর বিবিসির।
মিসর কর্তৃপক্ষ গত রোববার ওই মরদেহগুলো পড়ে থাকার খবর পায়। পরে সেগুলো উদ্ধার তৎপরতা শুরু করে।
ফিলিস্তিনের গাজার সীমান্তবর্তী সিনাই উপদ্বীপের রাফা শহরের কাছে কারা ওই অভিবাসী দলের ওপর হামলা চালিয়েছে, তা এখনো পরিষ্কার নয়। হতাহত অভিবাসীরা কোন দেশের নাগরিক, তাও নিশ্চিত করা হয়নি। গোলযোগপূর্ণ ওই অঞ্চল থেকে মিসরের সেনাবাহিনী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসহ (আইএস) অন্যান্য জঙ্গিদের নির্মূল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
২০১৩ সালের জুলাইয়ে মিসরের সামরিক বাহিনী ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে। এরপর থেকে সিনাইয়ের উত্তরাঞ্চলে আইএস জঙ্গিরা তাদের ঘাঁটি থেকে হামলা করা শুরু করে। আইএসের সঙ্গে সম্পর্কযুক্ত এক জঙ্গি সংগঠনের হামলার পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের অক্টোবর থেকে ওই এলাকায় জরুরি অবস্থা জারি রয়েছে।
কারা এবং কেন ওই অভিবাসীদের হত্যা করেছে, তা নিশ্চিত করতে পারেনি মিসর কর্তৃপক্ষ। কোনো পক্ষ ওই হামলার দায় স্বীকার করেনি।
আফ্রিকার যুদ্ধ ও দারিদ্র্যের শিকার বিভিন্ন দেশ থেকে অভিবাসীরা ইসরায়েলে ঢোকার জন্য সিনাইয়ের পথ ব্যবহার করে থাকে।