সিনাইয়ে শতাধিক নিহত, জঙ্গিবিরোধী অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনাই উপত্যকায় প্রায় নিয়মিত জঙ্গিদের হামলার শিকার হন মিসরের সেনাবাহিনীর সদস্যরা। ফাইল ছবি: এএফপি
সিনাই উপত্যকায় প্রায় নিয়মিত জঙ্গিদের হামলার শিকার হন মিসরের সেনাবাহিনীর সদস্যরা। ফাইল ছবি: এএফপি

মিসরের সিনাই উপত্যকায় গতকাল বুধবার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ক্রমিক হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষে সেনাসদস্যসহ শতাধিক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর জঙ্গিদের বিরুদ্ধে জোর অভিযান শুরু করেছে মিসরের সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
মিসরের সেনাবাহিনী বলেছে, এলাকাটি থেকে সব জঙ্গি নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে। আজ সকালেও সিনাই উপত্যকায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী।
চিকিৎসা ও নিরাপত্তা সূত্রের ভাষ্য, সিনাই উপত্যকায় হামলা ও সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছে। তাদের বেশির ভাগই সেনা। নিহত ব্যক্তিদের মধ্যে জঙ্গিও রয়েছে।
সেনাবাহিনীর দাবি, গতকালের ঘটনায় ১৭ জন সেনা ও শতাধিক জঙ্গি নিহত হয়েছে। অনেক জঙ্গি আহত হয়েছে। সিনাই উপত্যকার পরিস্থিতি এখন শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় লোকজনের ভাষ্য, সেনাবাহিনীর সদস্যদের হতাহতের সংখ্যা আরও বেশি হবে।
হতাহতের সংখ্যা নিয়ে বিভিন্ন পক্ষের দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি।
গতকাল সিনাই উপত্যকার বিভিন্ন সামরিক তল্লাশিকেন্দ্রে ক্রমিক ও সংগঠিত হামলা চালায় আইএস জঙ্গিরা। পরে জঙ্গিদের সঙ্গে সেনাসদস্যদের কয়েক ঘণ্টা ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনার পর সিনাই উপত্যকায় জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে মিসরের সেনাবাহিনী।
সিনাই উপত্যকায় জঙ্গিদের হামলায় বেশ কিছু সেনা নিহত হওয়ার পর গত অক্টোবর থেকে সেখানে জরুরি অবস্থা ও কারফিউ চলছে।
গতকালের ঘটনাকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
গতকালের ঘটনার দুদিন আগে রাজধানী কায়রোয় দেশটির রাষ্ট্রীয় কৌঁসুলি হিশাম বারাকাত গাড়ি বোমা হামলায় নিহত হন।