সিনেমা নয় সত্যি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ও জন যমজ দুই ভাইয়ের সঙ্গে অ্যান্টনি ওং (বাঁয়ে)। ছবি: বিবিসির সৌজন্যে
ডেভিড ও জন যমজ দুই ভাইয়ের সঙ্গে অ্যান্টনি ওং (বাঁয়ে)। ছবি: বিবিসির সৌজন্যে

বিস্ময়কর, অসম্ভব, অলৌকিক—পুরো ঘটনাকে এই তিনটি শব্দে বর্ণনা করেছেন তিনি। ‘ইন্টারনাল অ্যাফেয়ার্স ও দ্য মামি: টুম্ব অব দ্য ড্রাগন এম্পেরর’-এ অভিনয়ের সুবাদে বিশ্বব্যাপী তাঁর পরিচিতি। ১৫০টির মতো চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। এসবের কোনোটার গল্প তাঁর নিজের জীবনের কাহিনির মতো ছিল কি না, তা জানা যায়নি। এমন চিত্রনাট্যে যদি অভিনয় না-ও করে থাকেন, এখন তিনি সে সুযোগ নিতে পারেন। শুধু চলচ্চিত্রের শুরুতে লিখে দিতে হবে—‘সত্যি কাহিনি অবলম্বনে।’

হংকংয়ের অভিনেতা অ্যান্টনি ওংয়ের জীবনের গল্প তেমনই। চীনা ভাষার চলচ্চিত্রে বেশ জনপ্রিয় এ অভিনেতার গল্পটি দুঃখ বা দারিদ্র্যের সঙ্গে লড়াই করা নয়; দীর্ঘ ৫২ বছর ধরে বাবাকে খুঁজে বেড়ানোর গল্প। শেষ পর্যন্ত তিনি খুঁজেও পেলেন। তবে তাঁকে শিশু অবস্থায় ছেড়ে আসা সেই বাবা তত দিনে আর বেঁচে নেই। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনে প্রকাশিত হয় খ্যাতনামা এ অভিনেতার জীবনের অন্য রকম গল্প।

অ্যান্টনি ওং জানিয়েছেন, তাঁকে নিয়ে করা বিবিসির প্রতিবেদন তাঁকে পরিবার খুঁজে পেতে সাহায্য করেছে। বাবা বেঁচে না থাকলেও তিনি খুঁজে পেয়েছেন তাঁর যমজ দুই সৎভাইকে। কিছুদিন আগে তাঁরা তিন ভাই দেখা করেছেন, গল্পে আড্ডায় মেতে উঠেছেন।

এবার শোনা যাক, ৫৬ বছর বয়সী অ্যান্টনি ওংয়ের জীবনের গল্পটি আসলে কী?
অ্যান্টনির বাবা ফ্রেডারিক উইলিয়াম পেরি ব্রিটিশ নাগরিক। পেছনের পরিচয় বলতে এই নাম আর কিছু ছবিই তাঁর সম্বল। মা ওং জুয়েন-ই হংকংয়ের বাসিন্দা। চার বছর বয়সে মায়ের কাছে তাঁকে রেখে চলে যান বাবা। অ্যান্টনি জানান, বাবাকে ছাড়া তিনি ব্রিটিশ ও হংকং—এই দুই পরিচয়ের মধ্যে ‘ফাঁদের মতো আটকে থেকে’ বড় হয়েছেন। আশায় ছিলেন, ইন্টারনেট তাঁর অনেক প্রশ্নের জবাব হয়তো দিতে পারবে। দশকের পর দশক ধরে তিনি খুঁজে ফিরেছেন বাবাকে। শেষ পর্যন্ত ইন্টারনেটের মাধ্যমেই বাবার পরিবারকে খুঁজে পেয়েছেন তিনি। তাঁর ইচ্ছার কথা জানিয়ে বিবিসি একটি প্রতিবেদন করার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি থ্রেড খোলা হয় তাঁর বাবাকে খুঁজে পেতে সহায়তা করার জন্য। তিনজন নারী থ্রেডে এ বিষয়ে পাওয়া তথ্য প্রতিদিন তাঁর কাছে পাঠাতেন। একজন কিছু তথ্য দিলেন, যা তাঁর বাবার বিষয়ে। এই তথ্য সত্যি হতে পারে, ততটা আত্মবিশ্বাস তাঁর ছিল না।

একই সময়ে তাঁর যমজ দুই সৎভাই ৭৪ বছর বয়সী জন পেরি ও ডেভিড পেরি অস্ট্রেলিয়ায় নৌবিহারে ছিলেন। তাঁদের এক চাচাতো ভাই যুক্তরাজ্য থেকে একটি ই-মেইল পাঠান এই বলে যে খুবই সংবেদনশীল একটি বিষয়, যা তাদের জানা উচিত। কারণ, বাবার দ্বিতীয় সংসার, সন্তান নিয়ে কিছুই জানতেন না তাঁরা। এরই মধ্যে ডেভিডের ছেলে একটি ছবি পাঠান তাঁদের কাছে, যেটাতে বাবা ফ্রেডারিক উইলিয়াম পেরি শিশু অ্যান্টনিকে কোলে নিয়ে আছেন। মেলবোর্নে বাড়িতে ফিরে এসে তাঁরা বিবিসির সংবাদ দেখেন এবং নিশ্চিত হন অ্যান্টনি ও তাঁদের বাবা এক ব্যক্তি।

সরাসরি অ্যান্টনির সঙ্গে কীভাবে যোগাযোগ করা যাবে, তা জানা না থাকায় সংবাদের ভিডিওতে প্রচার করা প্রতিষ্ঠানের কাছে ই-মেইল করেন বিষয়টি জানিয়ে। শেষ পর্যন্ত অ্যান্টনির সঙ্গে সরাসরি যোগাযোগ করার পর সৎভাইয়েরা হতবাক হয়ে যান। জন বলেন, ‘আমরা দুই ভাই সিদ্ধান্ত নিই অ্যান্টনির সঙ্গে দেখা করার।’ ২০ মার্চ হংকংয়ে তাঁরা তিনজন দেখা করেন।

অ্যান্টনি বলেন, ‘এটা একটা অসম্ভব ব্যাপার ছিল। এত বছর পর হঠাৎ দুই সপ্তাহে সবকিছু ঘটে গেল!’
তিনজনের সাক্ষাতে অতীতের গল্পই ছিল সব। ভাইদের কাছ থেকে অ্যান্টনি জানতে পারেন, তাঁদের বাবা ফ্রেডারিক উইলিয়াম পেরি ছিলেন ব্রিটিশ বিমানবাহিনীর অভিজ্ঞ সৈনিক। তিনি ব্রিটেনের হয়ে যুদ্ধ করেছেন। হংকং ব্রিটিশ শাসনের অধীনে থাকার সময় ১৯৫৫ সালে তিনি হংকংয়ে সরকারি দায়িত্ব পালনে যান। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ভেরা মারজুরি, কন্যা ভেরা অ্যান এবং যমজ পুত্র জন ও ডেভিড। কয়েক বছর পর তাঁরা যুক্তরাজ্যে আসেন। তবে ফ্রেডারিক ফিরে যান হংকংয়ে।

মা-বাবার সঙ্গে শিশু অ্যান্টনি। ছবি: বিবিসির সৌজন্যে
মা-বাবার সঙ্গে শিশু অ্যান্টনি। ছবি: বিবিসির সৌজন্যে

ডেভিড ও জনের ধারণা, ওই সময়েই হয়তো অ্যান্টনির মায়ের সঙ্গে তাঁদের বাবার পরিচয় হয়।

অ্যান্টনি জানান, ১৯৬১ সালে তাঁর জন্ম হয়। বাবা তাঁকে ও মাকে ছেড়ে তাঁর পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় চলে যান। এর পরেও বাবার সঙ্গে তাঁদের চিঠিতে যোগযোগ ছিল। তবে অ্যান্টনির বয়স যখন ১২ বছর, তখন বাবার সঙ্গে তাঁদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডেভিড ও জন জানান, এত বছর পর বাবার জীবনের এই গোপন বিষয়টি জেনে তাঁরা বিমর্ষ হননি। তাঁদের মা এসব কিছুই জানতেন না। ১৯৭২ সালে তিনি মারা গেছেন। তাঁরা মনে করেন, তিন ভাইকে একসঙ্গে দেখতে পেলে তাঁদের বাবা অনেক খুশি হতেন।

অ্যান্টনির মা বেঁচে আছেন। তবে তিনি অসুস্থ। স্মৃতিশক্তি লোপ পেয়েছে।
ডেভিড বলেন, অ্যান্টনির খ্যাতি তাঁদের একত্রিত করতে আগ্রহী করেনি। হংকং ফিল্ম অ্যাওয়ার্ড জয়ী অ্যান্টনি অভিনেতা না হয়ে শ্রমিক হলেও তাঁদের কিছু যায় আসত না।
অ্যান্টনি বলেন, ভাইদের সঙ্গে দেখা হওয়ায় নিজেকেও তিনি খুঁজে পেয়েছেন। জেনেছেন চরিত্রের অনেক কিছুই তাঁর জিনগত। তিনি মিউজিক করেন, যা তাঁর ভাইয়েরা করত। তিনি বক্সিংয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, তাঁর বাবা ছিলেন বক্সিং চ্যাম্পিয়ন।
তিনি বলেন, তাঁর জন্য এটা জীবনের শিক্ষা। যখন অতীত থেকে শান্তি পেতে তিনি সক্ষম হয়েছেন, তখন তাঁর নতুন জীবন শুরু হয়েছে।
অ্যান্টনি বলেন, ‘বাবা আমাকে চিঠিতে বলতেন, আমি যদি ভালো ছেলে হই, তাহলে তিনি আমার সবকিছুর খেয়াল রাখবেন। আমি মনে করি, তিনি জানেন, আমি ভালো ছেলে হয়েছি। তাই আমার কাছে দুই ভাইকে পাঠিয়েছেন।’