সিরিয়া-ইরাকে শতাধিক দেশের হাজারো জঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়া এখন বিদেশি জঙ্গিদের আস্তানায় পরিণত হয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি বিশেষজ্ঞ প্যানেলের দেওয়া প্রতিবেদনে জানানো হয়, শতাধিক দেশ থেকে আসা ২৫ হাজারের বেশি বিদেশি জঙ্গি ইরাক ও সিরিয়াসহ আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। তারা জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, আল-কায়েদার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পর্যবেক্ষণকারী একটি বিশেষজ্ঞ প্যানেলের তথ্যমতে, ২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে ২০১৫ সালের মার্চ পর্যন্ত সারা বিশ্বে জঙ্গি যোদ্ধার সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। এসব বিদেশি জঙ্গি আইএস ও আল-নুসরা ফ্রন্টের পক্ষে লড়াই করছেন।

প্রতিবেদনে জানানো হয়, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী গত মার্চ মাসের হিসেব মতে, দেশটিতে প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি যোদ্ধা সক্রিয় আছে। এ ছাড়া ইয়েমেন, লিবিয়া ও পাকিস্তানে কয়েক শ বিদেশি যোদ্ধা, সোমালিয়া ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশ ও ফিলিপাইনে ১০০ বিদেশি যোদ্ধা লড়াই করছে। তিউনিসিয়া, মরক্কো, ফ্রান্স, রাশিয়া, মালদ্বীপ, ফিনল্যান্ড, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, আফ্রিকার সাহারা অঞ্চলের দেশগুলো থেকে এই যোদ্ধারা যোগ দিচ্ছে। বিশেষজ্ঞদের ওই প্যানেলটি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকেও জঙ্গিদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে জানতে পেরেছে। ইরাক ও সিরিয়ায় যাওয়ার জন্য তুরস্ককে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। একটি নজরদারির তালিকা বলছে, তুরস্ক হয়ে সাড়ে ১২ হাজার ব্যক্তি সিরিয়া ও ইরাকে গেছে।