সিরিয়াকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় মোতায়েন রুশ সেনাসদস্যদের সুরক্ষায় দেশটিকে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করেছে মিত্রদেশ রাশিয়া। রুশ বিমানবাহিনীর প্রধান গতকাল বৃহস্পতিবার মস্কোয় এ কথা জানান।
আর সিরিয়ার ক্ষমতাসীন বাশার আল-আসাদ সরকার ও তার সহযোগী মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে হাজারো মানুষকে আটক ও অপহরণের পর গুম করার অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। খবর রয়টার্স ও দ্য গার্ডিয়ানের।
রাশিয়ার বিমানবাহিনীর প্রধান জেনারেল ভিক্তর বন্দারেভ বলেন, সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে যুদ্ধবিমান ছিনতাই ও তা দিয়ে রুশ বাহিনীর ওপর হামলা চালানো হতে পারে। তাঁর কথায়, ‘আমরা সম্ভাব্য সব হুমকি বিবেচনায় নিয়েছি। তাই আমরা (সিরিয়ায়) কেবল যুদ্ধবিমান, বোমারু বিমান ও হেলিকপ্টারই পাঠাইনি; ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও পাঠিয়েছি।’
রাশিয়ার প্রাভদা সংবাদপত্রকে ভিক্তর বন্দারেভ বলেন, ‘আমাদের অবশ্যই তৈরি হতে হবে।’
গুমের অভিযোগ অ্যামনেস্টির: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ও এর সহযোগী মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে হাজার হাজার সিরীয়কে আটক ও অপহরণ করার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
লন্ডনভিত্তিক সংগঠন অ্যামনেস্টি বলেছে, ২০১১ সাল থেকে ওই কর্মকাণ্ড চালানো হয়েছে। আর এটা মানবতার বিরুদ্ধে অপরাধ। এ ধরনের ঘটনার শিকার বা গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সাক্ষাৎকার নেওয়ার কথা উল্লেখ করে সংগঠনটির আরও অভিযোগ, নিখোঁজ পরিবারের সদস্যদের ভাগ্য সম্পর্কে জানতে তাঁদের স্বজনদের কাছ থেকে মধ্যস্থতাকারীদের সহায়তায় জোরপূর্বক ঘুষ আদায় করেছে সরকারি কর্তৃপক্ষ।
অ্যামনেস্টি বলেছে, সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে তারা এ বিষয়ে আলোচনার উদ্যোগ নিয়েছে এবং এ নিয়ে সাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছে। সংগঠনটি এ রকম অভিযোগ করলেও আসাদ সরকার নিয়মিতভাবে তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের খবরগুলো নাকচ করে আসছে।
ওই সব ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ আখ্যা দিয়ে দামেস্কের প্রতি নিখোঁজ ব্যক্তিদের তথ্য জানতে জাতিসংঘ-সমর্থিত পর্যবেক্ষকদের কাজ করার অনুমতি দেওয়ারও আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টি বলেছে, ২০১১ সালের মার্চ থেকে ২০১৫ সালের আগস্ট পর্যন্ত সিরিয়ায় ৬৫ হাজারের বেশি মানুষকে গুম করা হয়েছে।