সিরিয়ায় অস্ট্রেলিয়ার হামলা
সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের ওপর অস্ট্রেলিয়া প্রথমবারের মতো বিমান হামলা শুরু করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ গতকাল বুধবার বলেন, ওই হামলায় সিরিয়ায় আইএস যোদ্ধাদের বহনকারী একটি সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। খবর এএফপি ও বিবিসির।
সিরিয়া ও ইরাকে তৎপর আইএসের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট বাহিনীর বিমান হামলায় অস্ট্রেলিয়াও অংশ নিচ্ছে। দেশটির বিমানবাহিনী ইরাকে এক বছর আগে থেকেই হামলা করছে। তবে সিরিয়ার ভূখণ্ডে তারা এবারই প্রথম বোমাবর্ষণ করল।
সিডনিতে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী কেভিন অ্যান্ড্রুজ বলেন, তাঁরা ‘যৌক্তিক কারণেই’ ইরাকের উত্তরাঞ্চলের পাশাপাশি পশ্চিম সিরিয়ায়ও আইএসের বিরুদ্ধে হামলা শুরু করেছেন। ইরাকি ভূখণ্ডে নিয়মিত অভিযানও অব্যাহত রয়েছে।
অস্ট্রেলিয়ার বিমানবাহিনী (আরএএএফ) যুক্তরাষ্ট্রের অনুরোধে ইরাক থেকে সিরিয়ার দিকে হামলা সম্প্রসারণ করবে বলে দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট গত সপ্তাহে ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি তিনি ১২ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে বিমান হামলায় ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, তুরস্ক এবং উপসাগরীয় আরব দেশগুলো যুক্ত হয়েছে। ফ্রান্সের নজরদারি বিমান সিরিয়ার ওপর দিয়ে উড়তে শুরু করেছে। আগামী সপ্তাহেই সিরিয়ায় হামলা শুরু করার ঘোষণা দিয়েছে প্যারিস।