সিরিয়ায় আইএসের ওপর রুশ হামলা শুরু

রাশিয়া গতকাল বুধবার গৃহযুদ্ধপীড়িত সিরিয়ায় তার প্রথম বিমান হামলা চালিয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশে সামরিক শক্তিপ্রয়োগের বিষয়ে পার্লামেন্টের অনুমোদন পাওয়ার পরপরই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অবস্থানে এ হামলা চালানো হলো। খবর বিবিসি ও এএফপির।
১৯৭৯ সালে আফগানিস্তান অভিযান সমাপ্ত হওয়ার পর থেকে দূরবর্তী কোনো স্থানে এটাই রাশিয়ার প্রথম সামরিক হামলার ঘটনা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ বিষয়ে টেলিভিশনে প্রচারিত বক্তব্যে বলেছেন, তাঁর দেশের এ প্রতিরোধমূলক হামলার লক্ষ্য আইএসের আক্রমণ ঠেকানো। তিনি সতর্ক করে দিয়ে বলেন, জঙ্গিরা রাশিয়ায় আঘাত হানার আগেই মস্কো তাদের ওপর হামলা করবে।
পুতিন বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ঠেকানোর একমাত্র যথার্থ উপায় হচ্ছে আগে থেকে সক্রিয় হওয়া, কাছে আসার জন্য অপেক্ষা না করে সন্ত্রাসীদের ইতিমধ্যে দখল করা ভূখণ্ডেই লড়াই করে তাদের ধ্বংস করা।
পুতিনের এ ঘোষণার কিছুক্ষণ আগে মার্কিন কর্মকর্তারা বলেন, রাশিয়া সিরিয়ায় হামলা চালিয়েছে বলে তাঁরা ইঙ্গিত পেয়েছেন। রুশ কর্তৃপক্ষ তাঁদের বলেছিল, তারা সেখানে হামলা চালাতে যাচ্ছে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চ পরিষদ ফেডারেশন কাউন্সিল গতকালই সিরিয়ায় সামরিক অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করে।
রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র সের্গেই ইভানভ এর আগে বলেন, রাশিয়া আইএসের ওপর হামলা চালাতে চায়, কারণ ‘কয়েক হাজার’ রুশ নাগরিক ওই সংগঠনে ভিড়েছে। তাদের রাশিয়ায় ফিরে আসাটা হুমকিস্বরূপ।
মুখপাত্র ইভানভ বলেন, সিরিয়া সামরিক সহায়তা চেয়ে অনুরোধ করার পর পার্লামেন্টে এ বিষয়ে ভোটাভুটি হয়। তবে তিনি বলেছেন, রাশিয়া মধ্যপ্রাচ্যের দেশটিতে সম্ভাব্য সামরিক অভিযানে কোনো স্থলসেনা পাঠাবে না। শুধু বিমান হামলা পরিচালনা করতে পারে। অভিযানের একটি সুনির্দিষ্ট সময়সীমাও থাকবে।

গত সোমবারই জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে কয়েক সপ্তাহ আগেই রাশিয়া সিরিয়ায় কয়েকটি যুদ্ধবিমান এবং অন্তত ১ হাজার ৭০০ সামরিক বিশেষজ্ঞ পাঠায়।
পুতিন আইএসের বিরুদ্ধে হামলায় ‘বৃহত্তর ঐক্য’ গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এমনকি তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে গঠিত জোটের সঙ্গে নতুন সম্ভাব্য জোটের তুলনা করেছেন। তবে পুতিন সেই সম্ভাব্য হামলায় জাতিসংঘের অনুমোদন দাবি করেছেন।
রুশ প্রেসিডেন্টের চিফ অব স্টাফ সের্গেই ইভানভ বলেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সামরিক সহায়তা চেয়েছেন। গতকাল সিরিয়াও তা নিশ্চিত করেছে।
সিরিয়া নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে বিপরীতমুখী। সিরীয় প্রেসিডেন্ট বাশারের বড় সমর্থক রাশিয়া। উল্টো দিকে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্র দেশগুলো ঘোর বাশারবিরোধী। তবে সম্প্রতি বাশারের বিষয়ে ইউরোপীয়রা সমঝোতার প্রয়োজনে তাদের নীতি নমনীয় করার ইঙ্গিত দিয়েছে।
গত মঙ্গলবার জাতিসংঘে সন্ত্রাসবিরোধী এক সম্মেলনে বাশারবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে বারাক ওবামা বলেন, ‘আইএসকে হারাতে গেলে বাশার আল-আসাদকে ক্ষমতা ছাড়তেই হবে। আইএসকে হারাতে সিরিয়ার দরকার নতুন নেতা।’
এদিকে সৌদি আরব বলেছে, বাশার আল-আসাদকে নিজে ক্ষমতা ছাড়তে হবে অথবা তাঁকে ক্ষমতা থেকে হটাতে হবে। গত মঙ্গলবার জাতিসংঘে সৌদি আরবের কয়েকটি মিত্র দেশের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল-জুবায়ের এ কথা বলেন।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সঙ্গে গতকাল অনুষ্ঠিত বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সিরিয়া সংকট রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে।
বাশারের বিরুদ্ধে তদন্ত: বাশার আল-আসাদ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্যাতন ও গুমের ঘটনা তদন্ত করার উদ্যোগ নেয়। সিরিয়ার এক সাবেক সামরিক কর্মকর্তার কাছ থেকে পাওয়া ৫০ হাজার ছবি তদন্তের কাজে বিবেচনায় নেওয়া হচ্ছে।