সিরিয়ায় আইএসের বিরুদ্ধে গোপন ড্রোন হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং বিশেষ বাহিনী সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি নেতাদের বিরুদ্ধে সশস্ত্র ড্রোন ব্যবহার করে গোপন অভিযান শুরু করেছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর এএফপির।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেন, আইএসের বিরুদ্ধে মার্কিন বাহিনী আগে থেকেই বড় পরিসরে সামরিক অভিযান চালাচ্ছে। তবে নতুন চোরাগোপ্তা ড্রোন হামলা ওই অভিযানের অংশ নয়। যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনাল কমান্ড (জেএসওসি) ড্রোন হামলা নিয়ন্ত্রণ করছে। আর সিআইএর প্রধান কাজ হলো আইএসের জ্যেষ্ঠ নেতাদের অবস্থান চিহ্নিত করা।
সিআইএর কাউন্টার টেররিজম সেন্টার (সিটিসি) ও জেএসওসিকে দিয়ে এ ধরনের অভিযান পরিচালনার এ সিদ্ধান্তে আইএস যোদ্ধাদের আরও বেশি করে ছড়িয়ে পড়া নিয়ে মার্কিন কর্তৃপক্ষের ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়টিই প্রকাশ পায়। আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করার কাজে নেতৃত্ব দিয়েছিল সিটিসি। আর ২০১১ সালে পাকিস্তানে তাঁকে হত্যা করার অভিযানে যে বিশেষ কমান্ডো বাহিনী (নেভি সিল) অংশ নিয়েছিল, তাতে জেএসওসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চান, সিআইএ তাদের মূল কাজ গুপ্তচরবৃত্তিতে ফিরে যাক।