সিরিয়ায় নৌ, বিমান ও স্থলপথে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি গতকাল বুধবার কাস্পিয়ান সাগরে অবস্থানরত যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রাশিয়া। এই প্রথমবারের মতো রাশিয়ার পাশাপাশি গতকাল সিরিয়ার সেনাবাহিনীও স্থলপথে হামলা চালিয়েছে। এদিকে গতকাল মস্কো জানিয়েছে, সামরিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে আইএসের বিরুদ্ধে হামলায় তারা মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয় করবে। খবর বিবিসি ও এএফপির।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগুর উদ্ধৃতি দিয়ে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কাস্পিয়ান সাগরে অবস্থানরত চারটি যুদ্ধজাহাজ থেকে শত্রুপক্ষের ১১টি লক্ষ্যবস্তুর ওপর ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। লক্ষ্যবস্তু প্রায় দেড় হাজার কিলোমিটার দূরে ছিল বলে উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই হামলার জন্য দেশটির সেনাবাহিনীর প্রশংসা করেছেন। তবে সিরিয়ায় রাশিয়ার সপ্তাহব্যাপী হামলায় আইএসের অবস্থানের বাইরেও আঘাত হানা হয়েছে—এমন দাবি তিনি অস্বীকার করেন।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মঙ্গলবার রাত ও গতকাল সকালে উত্তর-পশ্চিমের হামা ও ইদলিব এবং উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোর কয়েকটি এলাকায় হামলা চালায় রাশিয়া। যুক্তরাজ্য-ভিত্তিক ওই সংস্থা আরও জানায়, হামা প্রদেশে রাশিয়ার ওই হামলার সময় প্রথমবারের মতো স্থলপথে হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী।
সংস্থাটির পরিচালক রামি আবদেল রহমান বলেন, সেখানে স্থলপথে সরকারি বাহিনী ভারী গোলা নিক্ষেপ করেছে। সরকারি বাহিনী এখন পর্যন্ত বেশি দূর অগ্রসর হতে পারেনি উল্লেখ করে রামি আবদেল রহমান বলেন, পাশের ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর ওপর পাল্টা হামলা জোরদার করতে প্রয়োজনীয় জনবল ও রসদ সরবরাহ করছে প্রেসিডেন্ট বাশার বিরোধীরা।
অবজারভেটরি আরও জানিয়েছে, গতকাল সকালে একটিসহ আলেপ্পো প্রদেশের উত্তর-পশ্চিমে রাশিয়া বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এতে দুজন নারী ও এক শিশু নিহত হয়। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আলেপ্পোতে সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমান সমন্বয়ের মাধ্যমে আইএসের অবস্থানের ওপর হামলা চালিয়েছে।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরু হওয়ার এক বছরেরও বেশি সময় পর রাশিয়া আকাশপথে অভিযান শুরু করেছে। এতে সামরিক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে গতকাল রাশিয়া বলেছে, দুর্ঘটনার ঝুঁকি হ্রাসে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয়ের জন্য ওয়াশিংটন যে প্রস্তাব দিয়েছে তারা সেটি বাস্তবায়ন করবে।