সিরিয়ায় বিমান হামলা শুরু, ২০ জঙ্গি নিহত

সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের লক্ষ্যবস্তুতে আজ মঙ্গলবার প্রথমবারের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও আরব মিত্ররা। এতে অন্তত ২০ জন জঙ্গি নিহত হয়েছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কারবি এক বিবৃতিতে বলেন, ‘আমি নিশ্চিত করতে পারি, মার্কিন সেনাবাহিনী ও সহযোগী দেশগুলোর বাহিনী সিরিয়ায় সন্ত্রাসীদের (আইএস) বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে। এই হামলায় জঙ্গি, বোমারু ও ভূমিতে ছোড়ার টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে।’
হামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি পেন্টাগনের এই কর্মকর্তা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বলতে পারি, অভিযান চলছে। এই মুহূর্তে এর বেশি তথ্য জানানোর মতো অবস্থায় আমরা নেই।’
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা টেলিভিশনের অনলাইনে বলা হয়, গ্রিনিচমান সময় রাত ১২টা ৩০ মিনিটে হামলা শুরু হয়। ৯০ মিনিটে ২০টি হামলা হয়েছে। সামনে আরও হামলা হবে।
পেন্টাগন জানিয়েছে, মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল লয়েড অস্টিন এই হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁকে এই কর্তৃত্ব দিয়েছেন।
সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে কোন কোন দেশ অংশ নিয়েছে, এ ব্যাপারে পেন্টাগনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে এই অভিযানে আরব মিত্ররা সহায়তা করছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানতে পেরেছে।
নাম প্রকাশ না করে মার্কিন কর্মকর্তারা দাবি করেন, এই অভিযানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান, কাতার ও বাহরাইনের সংশ্লিষ্টতা আছে। সামরিক অভিযানে তাদের সঠিক ভূমিকা অস্পষ্ট। তবে বিমান হামলায় সহায়ক ভূমিকা পালন করছে কাতার।
হামলায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জর্দান। দেশটির তথ্য ও যোগাযোগমন্ত্রী মোহাম্মদ আল মোমানি বলেন, বিমান হামলা চলবে। অভিযানে জর্দানসহ চারটি দেশ অংশ নিয়েছে।
একজন মার্কিন কর্মকর্তা বলেন, অন্তত একটি মার্কিন যুদ্ধজাহাজ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ছে। এ ছাড়া অভিযানে অস্ত্রবাহী চালকহীন বিমানও (ড্রোন) ব্যবহার করা হচ্ছে।
হামলার লক্ষ্যবস্তুর বিবরণ দেয়নি পেন্টাগন। বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার অন্যতম লক্ষ্যবস্তু সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর রাকা। শহরটি রাজধানী দামেস্ক থেকে ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। জঙ্গিগোষ্ঠীটির শক্ত ঘাঁটি বলে পরিচিত শহরটি আইএস ঘোষিত ‘খিলাফত’ রাষ্ট্রের রাজধানী।
সিরিয়ার সরকারবিরোধী যুদ্ধ পর্যবেক্ষণকারী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, রাকায় আইএসের দুটি অবস্থানে হামলা হয়েছে। এতে ওই অবস্থান দুটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় আইএসের ২০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, রাকায় জঙ্গিদের ব্যবহৃত ভবন, তাদের অস্ত্রের ভান্ডার ও তল্লাশি-কেন্দ্রে হামলা হয়েছে। এ ছাড়া ইরাক-সিরিয়া সীমান্তবর্তী এলাকায়ও হামলা চালানো হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুল রহমান রয়টার্সকে বলেন, অন্তত ৫০টি বিমান হামলার তথ্য তাঁদের কাছে আছে। এমনকি আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ওপরও হামলা হয়েছে।
রাকার অধিবাসীরা জানান, সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ঘোষণা আসার পর থেকেই আইএসের জঙ্গিরা গোপন স্থানে (আন্ডারগ্রাউন্ড) যেতে শুরু করে। দখল করা ভবনগুলো তারা খালি করে দেয়। নতুন করে ভারী অস্ত্র মোতায়েন করে। পরিবারগুলো শহরের বাইরে পাঠিয়ে দেয়।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দাবি করা হয়েছে, হামলার বিষয়টি আগেই দামেস্ককে অবহিত করেছে ওয়াশিংটন। জাতিসংঘে সিরিয়ার প্রতিনিধিকে গতকাল সোমবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাকায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে।
এর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, সিরিয়ায় আইএসবিরোধী যুদ্ধে তারা দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের সহযোগিতা নেবে না। এমনকি হামলার ব্যাপারে দামেস্কের সঙ্গে সমন্বয়ও করবে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আইএসকে নিমূর্লের লক্ষ্যে তাঁর পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন। ওই পরিকল্পনার অংশ হিসেবেই সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা যায়।
ওবামা তাঁর ভাষণে বলেন, আইএস নির্মূলে ইরাকে বিমান হামলা জোরদার করা হবে। সিরিয়ায়ও বিমান হামলা চালাতে দ্বিধা করা হবে না।
গত আগস্ট থেকে এখন পর্যন্ত ইরাকে আইএসের লক্ষ্যবস্তুতে ১৯০টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দিন কয়েক আগে ইরাকে আইএসের বিরুদ্ধে ফ্রান্সও বিমান হামলা চালিয়েছে।
সিরিয়া ও ইরাকের একটা বড় অংশ নিজেদের দখলে নিয়ে সম্প্রতি ‘খেলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আইএস। জঙ্গিগোষ্ঠীটিকে থামাতে দেশ দুটির সরকার কার্যত ব্যর্থ হয়েছে। গণহত্যা, শিরশ্ছেদ, ধর্ষণ, অপহরণের মতো সন্ত্রাসী তৎপরতা চালিয়ে বিশ্ববাসীকে হতবাক করে দিয়েছে সংগঠনটি।