সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ৪২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে গতকাল রোববার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ১৬ শিশু রয়েছে। আজ সোমবার মানবাধিকার সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
এএফপির খবরে জানানো হয়, গতকাল বিকেল ও সন্ধ্যায় দেশটির ইদলিব প্রদেশের সারাকিব শহরে বিমান হামলায় ছয় শিশুসহ ১৯ জন নিহত হয়। বিমান হামলার ভয়ে সাধারণ মানুষ এই শহরে আশ্রয় নিয়েছিল। এ ছাড়া ইহসিম শহরে ১০ শিশুসহ ২৩ জন নিহত হয়। ইদলিব প্রদেশের বেশির ভাগ এলাকা বিদ্রোহীদের দখলে রয়েছে।
মানবাধিকার সংস্থাটি জানায়, ইউটিউবে পোস্ট করা একটি ভিডিওচিত্রে দেখা গেছে, ইহসিম শহরের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে সাধারণ মানুষ টেনেহিঁচড়ে একটি লাশ বের করছে।