সিরিয়ায় বিস্ফোরণে বিদ্রোহী নেতা হাসান নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে ইদলিব প্রদেশে এক বোমা বিস্ফোরণে বিদ্রোহী গ্রুপ আহরার আল শামসের নেতা হাসান আবদুসহ ৪৫ জন নিহত হয়েছেন। সংগঠনটি আবদুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং নতুন নেতা হিসেবে হাসিম আল শেখ ওরফে আবু জাবেরের নাম ঘোষণা করেছে।
আবু জাবেরের ডেপুটি হিসেবে আবু সালেহ তাহানের নাম ঘোষণা করেছে সংগঠনটি। আজ বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায়।
মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি বলেছে, আহরার ও তাদের মিত্র সংগঠন আবদুল্লাহ আজম ও ইমান ব্রিগেডের শীর্ষস্থানীয় নেতারা একটি সুরক্ষিত বাঙ্কারের মধ্যে গোপন বৈঠক করছিলেন। ইসলামিক স্টেট (আইএস) ও সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের নতুন পরিকল্পনা করতে এই বৈঠক হচ্ছিল।
হঠাত্ সেখানে বিস্ফোরণ হয়। বাঙ্কারের পাশে একটি বিস্ফোরক ভান্ডার ছিল। পরে ওই ভান্ডার বিস্ফোরিত হয়। এতে বিভিন্ন সংগঠনের অন্তত ৫০ জন নিহত হন।
আহারার আল শামসের রাজনৈতিক সদস্য আবু মুস্তফা আল বারদি আল-জাজিরাকে বলেন, তাঁরা ঘটনা তদন্ত করে দেখছেন। তাঁদের ধারণা সেখানে নাশকতার জন্য বাইরে থেকে কাউকে ঢোকানো হয়েছিল। কারণ প্রথম বিস্ফোরণটি ঘটে বাঙ্কারের ভেতরেই।
এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।
ওই হামলায় আহরার আল শামসের শুরা সদস্য আবু ইয়জান আল শামি, আবু তালহা আল আশকারি এবং ইমান ব্রিগেডের প্রধান আবু আল জুবায়ের মারা যান।
গত জানুয়ারিতে আলোপ্পায় নিজ সদর দপ্তরে আত্মঘাতী বোমা হামলায় মারা যান আবু খালেদ আল সৌরি। ওই হামলার জন্য আইএসকে দায়ী করে আসছে আল আহরার। আবু খালেদ আল সৌরি আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সহযোদ্ধা ছিলেন। তাঁর সঙ্গে বর্তমান নেতা আয়মান আল জাওয়াহিরির ভালো সম্পর্ক ছিল বলে জানা যায়।
কট্টরপন্থী ইসলামি সংগঠন আহরার আল শামস সিরিয়ার সরকারি বাহিনী ও সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে বদ্ধপরিকর বলে ঘোষণা করে আসছে। তাদের পক্ষে উপসাগরীয় দেশগুলোর সমর্থন আছে বলে ধারণা করা হয়।