সিরিয়ায় ব্যারেল বোমায় প্রাণ গেল ৭৫ জনের
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, সিরিয়ার আলেপ্পো প্রদেশে সরকারি বাহিনীর ফেলা ব্যারেল বোমায় অন্তত ৭৫ জন নিহত হয়েছে। খবর আল জাজিরার।
যুক্তরাজ্যভিত্তিক এসওএইচআর গতকাল শনিবার বলেছে, আলেপ্পো নগরের পূর্বাঞ্চলে এবং আল-বাব শহরে হেলিকপ্টার থেকে ফেলা বোমায় অন্তত ৭৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। প্রাণঘাতী ব্যারেল বোমা আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ।
খবরে বলা হয়, ব্যারেল বোমায় আলেপ্পোর শার এলাকায় অন্তত ২০ জনের মৃত্যু হয়। অন্য বোমা হামলাটি হয় আলেপ্পো থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত আল-বাব নগরের এক ব্যস্ত বাজারে। সেখানে অন্তত ৫৫ জন নিহত হয়। আল-বাব শহরটি এখন জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণে আছে। তবে আলেপ্পোর শার এলাকা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী আরেক বিদ্রোহী গ্রুপের নিয়ন্ত্রণে।
এসওএইচআর আরও বলছে, গত শুক্রবার বাশারবিরোধী বিদ্রোহীরা সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবের আরিহা শহর থেকে সরকারি বাহিনীকে হটিয়ে দিয়েছে। এই প্রদেশে সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শহর ছিল আরিহা।