সিরিয়ায় মার্কিন অভিযানে নিহত আইএস নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন। ওই নেতার নাম আবু সায়াফ। তিনি আইএসের পক্ষে তেল চোরাচালান ও সামরিক অভিযানের বিষয়টি দেখভাল করতেন। খবর এএফপির।
হোয়াইট হাউস গতকাল শনিবার জানায়, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে শুক্রবার রাতে ইরাক থেকে ওই অভিযান চালায় মার্কিন কমান্ডোরা। এ সময় লড়াইয়ে নিহত হন আবু সায়াফ। তাঁর স্ত্রী উম্মে সায়াফকে গ্রেপ্তার করা হয়।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক পরিষদের মুখপাত্র বার্নাদেত্তি মিহান এক বিবৃতিতে জানান, অভিযানের সময় মার্কিন কমান্ডোরা ইয়াজিদি সম্প্রদায়ের এক নারীকে উদ্ধার করেছে। আবু সায়াফ দম্পতি তাঁকে দাস হিসেবে বন্দী করে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
মরুর ভেনিস নিয়ে শঙ্কা: আইএস জঙ্গিরা ‘মরুর ভেনিস’খ্যাত সিরিয়ার গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক কেন্দ্র পালমেইরা দখলে লড়াই জোরদার করেছে। তারা গতকাল এলাকাটির আশপাশে সিরীয় সেনাদের সঙ্গে লড়াই অব্যাহত রাখে। ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমেইরা জঙ্গিরা দখল করে নিতে পারলে তারা সেখানকার কয়েক হাজার বছরের পুরোনো সব নিদর্শন ধ্বংস করে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
খ্রিষ্টপূর্ব প্রথম শতাব্দীতে সিরিয়ার মরুর বুকে সমৃদ্ধি পায় পালমেইরা শহর। প্রাচীন এই শহরের বীর যোদ্ধারা একসময় রোমানদের প্রতিহত করেছিল। সেসব গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়ে আছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন। শহরটি রক্ষায় সিরিয়ার বিমানবাহিনী আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল পালমেইরা শহরের অদূরে প্রাচীন একটি দুর্গের কাছে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষ হয়। এ ছাড়া শহরের একটি সামরিক গোয়েন্দা দপ্তরের কাছেও লড়াই হয়। শহরের পূর্ব দিকের একটি গ্যাসক্ষেত্রের নিয়ন্ত্রণ নিতে জঙ্গিরা লড়াই করছে বলেও খবর পাওয়া গেছে। শুক্রবার পালমেইরা শহরের বাইরে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার পর আইএস নয়টি শিশু ও পাঁচজন নারীসহ ২৩ জনকে হত্যা করে।