সিরিয়ায় রুশ 'সামরিক শক্তি' বৃদ্ধিতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র
যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সম্প্রতি দেশটির সরকারি বাহিনীর পক্ষে রাশিয়ার সেনা বৃদ্ধির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও সামরিক জোট ন্যাটো।
তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দাবি করেন, সবাইকে জানিয়েই দীর্ঘদিন ধরে সিরিয়ায় অস্ত্র এবং সামরিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে তাঁর দেশ। এ খবরে নতুন কিছু নেই। খবর বিবিসি ও রয়টার্সের।
সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টোলেনবার্গ বলেন, সিরিয়ায় রাশিয়ার সম্পৃক্ততার খবর সত্য হলে তা চলমান সংকট সমাধানে কোনো সহায়তাই করবে না। এদিকে, একই কারণে গত বুধবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ফোন করে উদ্বেগ পুনর্ব্যক্ত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
মার্কিন কর্মকর্তারা বলেন, সিরীয় উপকূলীয় শহর তারতুসে রাশিয়ার নৌঘাঁটিতে অতিরিক্ত উড়োজাহাজ এবং ট্যাংক অবতরণের জন্য দুটি জাহাজ পাঠিয়েছে মস্কো। পাশাপাশি মস্কো নৌ-পদাতিক বাহিনীর ছোট দল মোতায়েন করেছে।
এদিকে, লেবাননের কর্মকর্তারা বলেন, সিরীয় সরকারি বাহিনীর পক্ষে সম্মুখযুদ্ধে অংশ নিচ্ছে রুশ সেনারা। তবে এ বিষয়ে মন্তব্য করতে গতকাল বৃহস্পতিবার অস্বীকৃতি জানান রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ। তিনি বলেন, এ মাসের শেষ দিকে নিউইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া ও ইসলামিক স্টেট (আইএস) ইস্যুতে কথা বলবেন।
মার্কিন কর্মকর্তারা বলছেন, আইএসের হাতে এ বছর অনেক এলাকার দখল হারিয়েছে সিরিয়ার সরকার। এ কারণেই সিরিয়ায় সেনা-সহায়তা বাড়িয়েছে রাশিয়া।
আর ইরানে রাশিয়ার দূতাবাসের একজন মুখপাত্র জানান, সিরিয়ায় যাওয়ার পথে ইরানের ভূখণ্ডের ওপর দিয়ে বিমান চলাচলের অনুমতি নিয়ে রেখেছে মস্কো। এমন পরিপ্রেক্ষিতে সের্গেই লাভরভকে ফোন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ফোনে উদ্বেগ প্রকােশর পাশাপাশি তিনি বলেন, প্রতিবেদনগুলো সত্য হলে সিরিয়ায় সহিংসতা আরও বাড়বে এবং এই পরিস্থিতির সমাধান অনেক বেশি কঠিন হয়ে যাবে।