সিরিয়ার আলেপ্পো শহরের একটি হাসপাতালে বিমান হামলায় রোগী, চিকিৎসকসহ কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক দাতব্য সংস্থা মেদসঁ সঁ ফ্রঁতিয়েখ (এমএসএফ) গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
এমএসএফের সহায়তায় বিদ্রোহীদের অধিকৃত এলাকায় পরিচালিত আল-কুদস হাসপাতালে গত বুধবার ওই হামলা চালানো হয়। এতে অন্তত তিনটি শিশু ও শহরটির শেষ শিশুবিশেষজ্ঞ চিকিৎসক নিহত হয়েছেন। স্থানীয় সূত্র এই হামলার জন্য সিরিয়া সরকার বা তাদের মিত্র রাশিয়ার যুদ্ধবিমানকে দায়ী করেছে। তবে এ বিষয়ে সিরিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
গতকাল এক টুইট বার্তায় প্রাথমিক খবরে এমএসএফ জানায়, ‘আলেপ্পোতে এমএসএফের সহায়তায় পরিচালিত আল-কুদস হাসপাতাল ধ্বংস হয়েছে। কমপক্ষে ১৪ জন রোগী ও কর্মচারী নিহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।’ বিমান থেকে চালানো হামলা সরাসরি হাসপাতালটিতেই আঘাত হানে বলে এমএসএফ জানিয়েছে।
সিরিয়ার বাশার আল-আসাদের সরকারকে সহায়তা করতে রাশিয়া কিছুদিন ধরে সে দেশে জঙ্গিদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে। তবে অনেকের অভিযোগ, জঙ্গিদের চেয়ে বরং বাশারবিরোধী বিদ্রোহীরাই রাশিয়ার হামলার আসল লক্ষ্য।
এক মানবাধিকারকর্মী বিবিসিকে জানান, ওই হামলায় হাসপাতালের আশপাশের ভবনগুলোও আঘাতপ্রাপ্ত হয়। রাশিয়ার বিমানবাহিনী ওই হামলা চালায়। হাসপাতালের কাছে পাঁচতলা একটি ভবন ধসে পড়ে। সেখানে কতজন নিহত হয়েছেন, তা তাঁরা জানেন না।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত সপ্তাহজুড়ে বিদ্রোহী ও সরকারি উভয় বাহিনীর নতুন করে শুরু করা গোলাবর্ষণে শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।