সিরিয়ায় হুমকিতে ৫০০ মানুষের জীবন: জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধারা সিরিয়ার সীমান্তবর্তী কুর্দি শহর কোবানি দখল করতে পারলে সেখানে আটকে পড়া কমপক্ষে ৫০০ বেসামরিক লোকের প্রাণহানি ঘটতে পারে। গতকাল শুক্রবার এ কথা বলে সতর্ক করেছে সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত স্টেফান ডি মিসটুরা। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে সিরিয়া-তুরস্ক সীমান্তের মানচিত্র তুলে ধরে স্টেফান ডি মিসটুরা কোবানিতে ভয়াবহ গণহত্যার আশঙ্কা প্রকাশ করেন। মানচিত্রে তিনি দেখান, কোবানিতে যাতায়াতের কেবল একটি ছোট করিডর খোলা রয়েছে।
আইএস জঙ্গিরা কোবানি থেকে দক্ষিণ ও পূর্ব দিকে সরে গিয়ে তথাকথিত কুর্দি নিরাপত্তা কার্যালয়ের অধিকাংশ দখল করার পর, এমন নাটকীয় সতর্কবার্তা এল। ওই এলাকায় কুর্দি যোদ্ধারা শহরের নিরাপত্তা ভবনগুলোকে রক্ষার জন্য যুদ্ধ করছে। থানা, নগর ভবন ও স্থানীয় সরকারের কার্যালয়গুলো ওই এলাকায় অবস্থিত।
গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে কোবানিতে জোরালো হামলা শুরু করেছে আইএস। এতে দুই লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশ তুরস্কে পালিয়ে যায়। এ যুদ্ধে ৫০০ বেশি লোক নিহত হয়েছে ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, কোবানির ৪০ শতাংশ এলাকা এখন আইএসের দখলে।