সিরিয়ায় ৩০০ জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া গত শুক্রবার দাবি করেছে, তাদের অভিযানে আগের ২৪ ঘণ্টায় অন্তত ৩০০ জঙ্গি নিহত হয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের টানা বিমান হামলা সত্ত্বেও সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর কাছাকাছি চলে এসেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা।
অপর দিকে বিমান হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার টানাপোড়েনের মধ্যেও সিরিয়ার আকাশে দুই দেশের বিমানের নিরাপত্তা নিয়ে আলোচনায় বসতে রাজি হয়েছে মস্কো। খবর এএফপির।
শুক্রবার ছিল সিরিয়ায় রুশ বিমান হামলার দশম দিন। রাশিয়ার সশস্ত্র বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর মাকুশেভ এদিন বলেন, তাঁদের যুদ্ধবিমান সিরিয়ায় ৬০টি জঙ্গি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রাকায় আইএসের শক্তিশালী ঘাঁটিতে বোমাবর্ষণে দুজন জ্যেষ্ঠ কমান্ডারসহ প্রায় ২০০ যোদ্ধা নিহত হন। এ ছাড়া আলেপ্পোতে অভিযানে নিহত হন প্রায় ১০০ যোদ্ধা।
ইগর মাকুশেভ বলেন, এ ছাড়া লাতাকিয়া, হামা ও ইদলিবে আইএসের নিয়ন্ত্রণকেন্দ্র ও প্রশিক্ষণশিবিরে বোমা হামলা হয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে, আইএস জঙ্গিরা আলেপ্পো শহরের উত্তর প্রান্ত থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আছে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী মধ্যপন্থী বিদ্রোহীদের কাছাকাছি জনপদ ও সামরিক ঘাঁটি থেকে তাড়িয়ে দিয়েছে। এ সময় সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরির পক্ষে রামি আবদেল রহমান বলেন, আইএসের অবস্থান এখন সরকারি বাহিনীর অবস্থান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে। সেখানে ‘শেখ নজর শিল্প এলাকায়’ ঘাঁটি গেড়েছে বাশার বাহিনী। রামি আবদেল রহমান বলেন, ‘আইএস এর আগে কখনো আলেপ্পো শহরের এত কাছাকাছি পৌঁছাতে পারেনি। এটা শহরের দিকে আসার ক্ষেত্রে তাদের সবচেয়ে বড় অগ্রগতি।’
আইএসের অগ্রগতি প্রসঙ্গে বিশ্লেষক টমাস পাইরেট বলছেন, আলেপ্পোতে মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমা হামলা ততটা সক্রিয় ছিল না। আর রাশিয়ার অভিযান ছিল মূলত বাশারবিরোধীদের ওপর। এই সুযোগে আইএস এগিয়ে গেছে।
যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ, সিরিয়ায় রুশ বিমান হামলায় প্রেসিডেন্ট বাশারের উপকার হচ্ছে। কারণ, আইএসের ওপর ওই হামলার নাম করে বাশারবিরোধী উদারপন্থী সংগঠনগুলোকে লক্ষ্য করে বোমাবর্ষণ করছে রাশিয়া। অবশ্য মস্কো এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেছে, আইএসকে দমন করাই তাদের লক্ষ্য।
যুক্তরাষ্ট্র-রাশিয়া আলোচনা হবে: সিরিয়ায় পৃথক বোমা হামলা চালানোর ক্ষেত্রে আকাশে দুই দেশের বিমানের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের প্রেস সচিব পিটার কুক শুক্রবার বলেন, যত দ্রুত সম্ভব এই আলোচনা হবে। রোববারের (আজ) মধ্যে এই আলোচনা শুরু হতে পারে।