সিরিয়ার আইএসের বোমা হামলায় নিহত অর্ধশত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুর্দি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকা প্রদেশের তেল তামের শহরে গত বৃহস্পতিবার রাতে তিনটি বোমা হামলা
চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এতে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৮০ জন। গতকাল শুক্রবার ওই এলাকাটি নিয়ন্ত্রণ করা কুর্দি মিলিশিয়াদের এক মুখপাত্র এ কথা বলেন। খবর রয়টার্সের।
শহরটি কুর্দিশ পিপলস প্রটেকশন ইউনিটসের (ওয়াইপিজি) নিয়ন্ত্রণে রয়েছে। ওয়াইপিজি মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলার সহায়তায় আইএসের বিরুদ্ধে লড়াই করছে। কয়েক সপ্তাহ আগে হাসাকা প্রদেশে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতি লাভ করে কুর্দি যোদ্ধারা।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর আগে নিহতের সংখ্যা ২২ বলে উল্লেখ করেছিল। নিহতের সংখ্যা বাড়তে পারে বলেও সংস্থাটি উল্লেখ করে।