সিরিয়ার ইদলিব শহর বিদ্রোহীদের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার ইদলিব শহরের নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা। সিরিয়ায় আল-কায়েদার শাখা আল নুসরা ফ্রন্ট ও তাদের সহযোগী বিদ্রোহী গ্রুপগুলো শহর দখলের ওই লড়াইয়ে অংশ নেয়। এতে অন্তত ১৩০ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, চার দিন ধরে চলা লড়াইয়ের পর গতকাল শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনীর পরাজয় ঘটে।

আজ রোববার আল-জাজিরার খবরে জানানো হয়, ইদলিবে এক লাখ ৬৫ হাজার অধিবাসীর বাস। রাক্কা শহরের পর এটি দ্বিতীয় প্রাদেশিক রাজধানী,যা বিদ্রোহীদের নিয়ন্ত্রণে গেল। শুধু তা-ই নয়, ইদলিব এখন জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অন্যতম শক্ত ঘাঁটি।

সিরিয়ার মাটি থেকে আসাদ সরকার ও তাঁর মিত্রদের হটিয়ে পূর্ণ স্বাধীনতা অর্জনের পথে ইদলিবের এ নিয়ন্ত্রণ নেওয়াকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে মনে করছে পশ্চিমা-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন অপজিশন গ্রুপ। এ ছাড়া টুইটারে লেখা এক পোস্টে নুসরা ফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ধন্যবাদ ঈশ্বর, ইদলিব শহর মুক্ত হয়েছে।’

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে জানানো হয়, সরকারি বাহিনীকে শহরটির দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে গতকাল জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, সিরিয়ার চলমান গৃহযুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের ব্যর্থতায় তিনি ক্ষুব্ধ ও লজ্জিত। মিসরের পর্যটন শহর শারম আল-শেখ-এ আরব নেতাদের এক শীর্ষ বৈঠকে সিরিয়ায় চলমান সংকট সমাধানে কূটনৈতিক পদক্ষেপ জোরদার করার প্রত্যয় জানান জাতিসংঘের মহাসচিব।