সিরিয়ার গৃহযুদ্ধের নানা দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে দুই লাখের বেশি মানুষ। ইউরোপমুখী শরণার্থীর যে ঢল চলছে, তার অন্যতম কারণ এ সংঘাত। পাশ্চাত্য নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে সিরিয়া বিষয়ে। এবার রাশিয়াও দেশটিতে আইএসের ওপর হামলা শুরু করল। সিরিয়ার গৃহযুদ্ধের সূত্রপাত এবং তার বিভিন্ন দিক সংক্ষেপে তুলে ধরেছে বিবিসি

বিক্ষোভ থেকে সহিংসতা
২০১১ সালের মার্চে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভ শুরু হয় সিরিয়ায়। স্থানীয় অধিবাসীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালালে কয়েকজন নিহত হন। এতে বিক্ষোভের আগুন আরও জোরদার হয়। ধীরে ধীরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়তে থাকে। এরপর একপর্যায়ে বাশারবিরোধীরা হাতে অস্ত্র তুলে নেয়।

গৃহযুদ্ধের পথে
দেশজুড়ে ক্রমশ সহিংসতা ছড়িয়ে পড়ে তা গৃহযুদ্ধে রূপ নেয়। বাশারবিরোধীরা বিভিন্ন বাহিনী গড়ে তুলে সরকারি বাহিনীর কাছ থেকে বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিতে লড়াই শুরু করে। ২০১২ সালেই সেই লড়াই রাজধানী দামেস্ক ও অন্যতম প্রধান শহর আলেপ্পো পর্যন্ত ছড়িয়ে পড়ে। সিরিয়ার এ সংঘাতে নতুন মাত্রা যোগ করে ইসলামিক স্টেটসহ (আইএস) বিভিন্ন জিহাদি গোষ্ঠীর উত্থান।

যুদ্ধাপরাধ
জাতিসংঘের একটি কমিশনের তদন্তে দেখা যায়, ২০১১ সালের মার্চ থেকে দেশটিতে বাশার বাহিনী ও বিরোধীরা—দুই পক্ষই যুদ্ধাপরাধ করেছে। দুই পক্ষের বিরুদ্ধেই খুন, নির্যাতন, ধর্ষণ ও গুমের প্রমাণ পাওয়া গেছে। বেসামরিক নাগরিকদের খাদ্য, পানি ও স্বাস্থ্যসেবা বন্ধ করে দেওয়াকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে দুই পক্ষই। এ ছাড়া দুই পক্ষের বিরুদ্ধেই বেসামরিক লোকসহ প্রতিপক্ষের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারেরও অভিযোগ রয়েছে।

আন্তর্জাতিক উদ্যোগ
সিরিয়া সংকটের সমাধান শুধু রাজনৈতিকভাবেই হতে পারে—এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় একমত হলেও যুদ্ধবিরতি ও দুই পক্ষের আলোচনা শুরু করতে জাতিসংঘ এবং আরব লিগের কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও মিত্র রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে সিরিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মতৈক্যে পৌঁছতে পারেনি।