সিরিয়ার বিদ্রোহীদের জন্য প্রশিক্ষণ স্থগিত করল যুক্তরাষ্ট্র
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধী সংগঠনগুলোর জন্য ৫০ কোটি মার্কিন ডলারের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এতে সিরিয়ার ব্যাপারে মার্কিন নীতি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। খবর গার্ডিয়ানের।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন গত শুক্রবার বলেছে, তারা সিরিয়ার ব্যাপারে কৌশল পাল্টাচ্ছে। সিরিয়ার একদল বিশ্বস্ত নেতার কাছে অস্ত্রশস্ত্র ও লড়াইয়ের উপকরণ সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। এতে তারা আইএস-নিয়ন্ত্রিত ভূখণ্ডে সম্মিলিত হামলা চালানোর সুযোগ পাবে।
যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, প্রশিক্ষণ দেওয়ার জন্য জর্ডান, কাতার, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আর কোনো সিরীয় বিদ্রোহী নেওয়া হবে না। পরিবর্তে তুরস্কে প্রশিক্ষণকেন্দ্র করা হবে। সেখানে প্রশিক্ষণ দেওয়া হবে।
বিশ্লেষকেরা মনে করেন, যুক্তরাষ্ট্রের ওই ঘোষণার মাধ্যমে সিরিয়ায় আসাদবিরোধীদের প্রতি মার্কিন সরকারের মনোভাব স্পষ্ট হয়েছে।