এটা বাশার সরকারের নতুন যুদ্ধাপরাধের নিদর্শন: অ্যামনেস্টি
সিরিয়ার বিরুদ্ধে গ্যাস হামলার অভিযোগ
সিরিয়ায় সরকারি বাহিনীর ক্লোরিন গ্যাস হামলায় তিন শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে একটি মানবাধিকার নজরদারি সংগঠন ও সরকারবিরোধীরা। এ ঘটনাকে বাশার আল-আসাদ সরকারের ‘যুদ্ধাপরাধের নতুন নিদর্শন’ আখ্যা দিয়েছেন মানবাধিকারকর্মীরা। এদিকে একটি মার্কিন চালকবিহীন বিমান (ড্রোন) ভূপাতিত করার দাবি করেছে সিরীয় বাহিনী। খবর এএফপি ও রয়টার্সের।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’-এর এক বিবৃতিতে দাবি করা হয়, সিরিয়ার ইদলিব প্রদেশে সারমিন নামের একটি গ্রামে গত সোমবার রাতে গ্যাস হামলা চালায় সরকারি বাহিনী। এ ঘটনায় তিন শিশু, তাদের বাবা-মা ও দাদি শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। অবজারভেটরি বলেছে, সরকারি বাহিনীর ফেলা প্রাণঘাতী ব্যারেল বোমা থেকে নির্গত হওয়া সম্ভাব্য ক্লোরিন গ্যাস এই মৃত্যুর কারণ বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
স্থানীয় সরকারবিরোধী কর্মীরাও একই দাবি করেছেন। তাঁরা বেশ কিছু ভিডিওচিত্র প্রকাশ করেছেন, যেখানে একটি অস্থায়ী হাসপাতালের বিশৃঙ্খল অবস্থা দেখানো হয়েছে। ভিডিওগুলোতে ভুক্তভোগী লোকজনকে কাশতে এবং মুখের ওপরে গ্যাস মাস্ক ধরে রাখতে দেখা যায়। এ ছাড়া কিছু শিশুর কান্না শোনা যায়। একটি ভিডিওতে দেখা যায়, অস্থায়ী ওই হাসপাতালে নিথর পড়ে আছে আনুমানিক তিন বছরের কম বয়সী তিনটি শিশু। লোকজন তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। শিশু তিনটির মুখ ফ্যাকাশে। তাদের চোখের চারপাশে কালো দাগ। নাক-মুখ দিয়ে ঝরছে তরল।
স্থানীয় চিকিৎসাকর্মী মতিয়া জালাল বলেন, ‘এই প্রথম আমরা বিষাক্ত গ্যাস হামলার অভিজ্ঞতা পেলাম। আমাদের কাছে যে মাস্ক আছে, সেগুলোই পরেছি। তবে এগুলো আগুনের জন্য, গ্যাস হামলার জন্য নয়। কিন্তু এখানে এটাই আছে।’
অতীতেও সিরিয়া সরকার বেসামরিক এলাকাগুলোতে রাসায়নিক অস্ত্র হিসেবে বিবেচিত ক্লোরিন গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মীরা। গত জানুয়ারিতে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণবিষয়ক সংগঠন (ওপিসিডব্লিউ) বলেছিল, ২০১৪ সালে সিরিয়ার তিনটি গ্রামে ক্লোরিন হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটে। তবে এ জন্য নির্দিষ্ট করে কাউকেই দায়ী করেনি সংগঠনটি।
নতুন গ্যাস হামলার খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক এই মানবাধিকার সংগঠন বলেছে, সিরীয় সরকার যে যুদ্ধাপরাধ ঘটিয়েই চলেছে, এটা তার আরেকটি উদাহরণ।
মার্কিন ড্রোন ভূপাতিত: সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম গত মঙ্গলবার জানায়, সামরিক বাহিনী লাতাকিয়া প্রদেশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। উপকূলবর্তী এলাকাটি প্রেসিডেন্ট বাশারের পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ড্রোনটি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটমুক্ত (আইএস) এলাকায় গোয়েন্দাগিরি করছিল বলে সিরীয় সামরিক সূত্র দাবি করেছে।
মার্কিন সামরিক বাহিনীও তাদের একটি ড্রোন খোয়া যাওয়ার কথা স্বীকার করেছে। তবে সেটি আসলেই ভূপাতিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। সত্যি হলে, আইএসের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক জোটের বিমান হামলা শুরুর পর এটাই হবে মার্কিন কোনো আকাশযানের বিরুদ্ধে সিরিয়ার প্রথম হামলা।
‘এখনো সংলাপ চায় যুক্তরাষ্ট্র’: সিরিয়ায় এখনো আলোচনার মাধ্যমেই একটি রাজনৈতিক মীমাংসা চায় যুক্তরাষ্ট্র। তবে ওই আলোচনায় প্রেসিডেন্ট বাশারের উপস্থিতি থাকবে না। ইস্তাম্বুলে তুরস্কের কর্মকর্তাদের আশ্বস্ত করে গত মঙ্গলবার এ কথা বলেছেন শীর্ষ মার্কিন কূটনীতিক জন অ্যালেন। যুক্তরাষ্ট্র তার সিরিয়া নীতি বদলায়নি বলেও আশ্বাস দেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গত রোববার এক টিভি সাক্ষাৎকারে মন্তব্য করেন, সিরিয়ায় রাজনৈতিক পালাবদলের জন্য যুক্তরাষ্ট্রকে বাশারের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর গুঞ্জন ওঠে, সিরিয়া প্রশ্নে যুক্তরাষ্ট্র তার নীতি বদলাচ্ছে।
ইরাকের বোমায় নিহত ৩: ইরাকে শিয়াদের শক্ত ঘাঁটি দক্ষিণাঞ্চলীয় বসরা শহরে গতকাল বুধবার বোমা হামলায় অন্তত তিনজন নিহত এবং চারজন আহত হয়েছে। গত জুন মাসে আইএস উত্তর ইরাক ও রাজধানী বাগদাদের পশ্চিম এলাকা দখল করে নেওয়ার পর বিভিন্ন স্থানে সহিংসতা হলেও দেশের দক্ষিণাঞ্চল এত দিন শান্তই ছিল। তবে আইএসের শক্ত ঘাঁটি আনবার প্রদেশের তিকরিতে আইএসের বিরুদ্ধে ইরাকি বাহিনী অভিযান শুরু করার পর বোমা হামলা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে।
‘এক প্রজন্ম লাগতে পারে’: আইএসের চরমপন্থার বিরুদ্ধে চলমান লড়াই এক প্রজন্মেরও বেশি সময় স্থায়ী হতে পারে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মঙ্গলবার রাতে এ মন্তব্য করেছেন।