সিরিয়ায় গুলিতে রুশ হেলিকপ্টার ভূপাতিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীরা গুলি করে একটি রুশ হেলিকপ্টার ভূপাতিত করেছে। রাশিয়ার সামরিক বাহিনীর কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

সামরিক কর্মকর্তারা বলছেন, এমআই-৮ মডেলের ওই হেলিকপ্টারে পাঁচজন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে চারজনই মারা গেছেন বলে অসমর্থিত এক সূত্রে জানা গেছে।
রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স দেশটির সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, হেলিকপ্টারটি আলেপ্পো শহরে দুর্গত মানুষের মানবিক সহায়তা দিয়ে ফিরছিল। তবে বিদ্রোহীদের কোন পক্ষ হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করেছে তা স্পষ্ট নয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ভূপাতিত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ এবং মরদেহ ঘিরে সশস্ত্র লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বড় সমর্থক রাশিয়া। দেশটি বাশারবিরোধীদের ওপর বিমান হামলায় সিরিয়ার সামরিক বাহিনীকে সহযোগিতা দিয়ে আসছে। গত মাসে সিরিয়ার সেনাবাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোর পূর্বাঞ্চলীয় অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।