সিরিসেনার সিঁড়ি বেয়ে ওঠা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণার আগ পর্যন্ত মাইথ্রিপালা সিরিসেনা ছিলেন তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ঘনিষ্ঠ সহযোগীদের একজন। সেই সিরিসেনার কাছেই হার মানতে হলো রাজাপক্ষেকে।
প্রার্থিতা ঘোষণার পর রাজাপক্ষের সমর্থকেরা সিরিসেনাকে ‘বিশ্বাসঘাতক’ বলতে দ্বিধা করেননি। তবে তাঁরা বুঝতে পেরেছিলেন, এ ঘোষণা রাজাপক্ষের জন্য বিপদ ডেকে আনবে। সে আশঙ্কা মিথ্যা হয়নি। রাজাপক্ষেকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে গতকাল শুক্রবার সন্ধ্যায় শপথ নিয়েছেন সিরিসেনা।
সিংহলিদের প্রাণকেন্দ্র বলে পরিচিত মধ্য-উত্তর শ্রীলঙ্কার পোলোনারুয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন সিরিসেনা। এক কৃষক পরিবারে তাঁর জন্ম ১৯৫১ সালের ৩ সেপ্টেম্বর। বাবা অ্যালবার্ট সিরিসেনা। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ-ফেরত বীরসেনা। বিশ্বযুদ্ধ থেকে ফিরে কৃষিকাজে যোগ দেন তিনি।
সংখ্যাগরিষ্ঠ সিংহলি জাতিগোষ্ঠীর সদস্য সিরিসেনা বৌদ্ধধর্মের অনুসারী। তিনি ছোটবেলা থেকেই নম্র-ভদ্র, মৃদুভাষী ও মিশুক।
সমাজতান্ত্রিক আদর্শের প্রতি তাঁর প্রবল ঝোঁক ছোটবেলা থেকেই। ১৬ বছর বয়সে রাজধানী কলম্বোতে গিয়ে যোগ দেন সমাজতন্ত্রীদের সরকারবিরোধী আন্দোলনে।
১৯৬৭ সালে সিরিসেনা যোগ দেন প্রগতিশীল সমাজতান্ত্রিক রাজনৈতিক দল শ্রীলঙ্কা ফ্রিডম পার্টির (এসএলএফপি) যুব শাখায়। সরকারবিরোধী ‘বিপ্লবে’ নেতৃত্ব দেওয়ার অভিযোগে ২০ বছর বয়সে তাঁকে দুই বছর কারাগারে থাকতে হয়।
১৯৮১ সালে এসএলএফপির পলিট ব্যুরোতে যোগ দেন সিরিসেনা। শুরু হয় তাঁর রাজনৈতিক উত্থান। ১৯৮৯ সালে পার্লামেন্ট সদস্য হন। দল ও সরকারে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালে তামিল টাইগারদের হামলার শিকার হয়েছিলেন, তবে সে যাত্রায় বেঁচে যান। গত নভেম্বর পর্যন্ত এসএলএফপির সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট রাজাপক্ষের স্বাস্থ্যমন্ত্রী।
নভেম্বরে প্রার্থিতা ঘোষণার পর থেকেই সিরিসেনা বলতে শুরু করেন, শ্রীলঙ্কা স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে। সীমাহীন দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথাও জোরেশোরে বলতে থাকেন। দেশের অর্থনীতি এবং সমাজের সবকিছুই একটি পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কথাও বলেন তিনি।
নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় কমানো, রাজনৈতিক লুণ্ঠন ও সহিংসতা থেকে দেশকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন সিরিসেনা। নির্বাচনে তিনি কেবল সিংহলি নয়, তামিল, মুসলিম ও খ্রিষ্টান সংখ্যালঘুদের সহায়তাও চেয়েছিলেন।
৬৩ বছর বয়সী সিরিসেনা সাধারণ এবং পরিশুদ্ধ জীবনযাপন করেন। তিনি ধূমপান ও অ্যালকোহলমুক্ত বলেও জানা গেছে। শ্রীলঙ্কায় বিবিসির সাবেক প্রতিনিধি চার্লস হেভিল্যান্ডের মতে, রাজাপক্ষের মতো সিরিসেনা আমুদে নন।