সিরিয়া ইস্যুতে ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন জাতিসংঘের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়া সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন সিরিয়া-বিষয়ক জাতিসংঘ দূত স্তেফান দো মিসতুরা। সিরিয়া সংঘাত নিয়ে জেনেভা শান্তি আলোচনা শুরুর আগে ট্রাম্পের ভূমিকা নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন মিসতুরা।
মিসতুরা বলেন, ‘যুক্তরাষ্ট্র কোথায়? এই সম্পর্কে আমি কিছু বলতে পারছি না, কেননা আমি আদতে কিছু জানি না। নতুন প্রশাসন তো এই বিষয়ে নিজেদের অগ্রাধিকারই এখনো নির্ণয় করতে পারেনি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র মূলত উগ্রবাদীদের ঠেকানো, আঞ্চলিক শক্তিগুলোর ক্ষমতা খর্ব করা এবং নিজেদের মিত্র শক্তির প্রভাব অক্ষুণ্ন রাখার বিষয় অগ্রাধিকার দিয়েছিল। এখন ওয়াশিংটন অবাস্তব সমাধানের বিষয় আলোচনা করছে।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে মার্কিন অবস্থান ছিল, সিরিয়াকে আসাদ-মুক্ত করতে হবে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের জামানায় এখনো সিরিয়া নিয়ে কোনো সুনির্দিষ্ট নীতিমালা দেখা যায়নি।
জাতিসংঘের সমর্থনে রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যস্থতায় সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে যুদ্ধবিরতি চলছে।