যুক্তরাষ্ট্র দূত পাঠায়নি। সিরিয়ায় নীতিনির্ধারক হয়ে উঠছে রাশিয়া
সিরিয়া নিয়ে আসতানায় আলোচনা শুরু
সিরিয়ায় সংঘাত নিরসনে সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে কাজাখস্তানের রাজধানী আসতানায়। গতকাল সোমবার তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় দুই দিনের এ আলোচনা শুরু হয়।
যুক্তরাষ্ট্র এ আলোচনায় তার কোনো বিশেষ প্রতিনিধি পাঠায়নি। তবে কাজাখস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সেখানে প্রতিনিধিত্ব করার কথা রয়েছে।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান মন্তব্য করেছে, রুশ মধ্যস্থতা এবং যুক্তরাষ্ট্রের এক ধরনের অনুপস্থিতি এ ইঙ্গিতই দিচ্ছে, সিরিয়া ইস্যুতে মূল প্রভাবক ও নীতিনির্ধারক হয়ে উঠছে রাশিয়া। তুরস্ক ও রাশিয়ার এই উদ্যোগে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের ভূমিকা পালনের খুব একটা সুযোগ রাখা হয়নি।
তবে আলোচনার প্রথম ধাপে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের সঙ্গে কোনো ধরনের সরাসরি আলোচনা বসতে নারাজ বিদ্রোহী গোষ্ঠীগুলো। যুদ্ধবিরতি সত্ত্বেও বিভিন্ন স্থানে বিদ্রোহীদের ওপর সরকারি বাহিনীর বোমাবর্ষণের প্রতিবাদে সরাসরি আলোচনায় বসছে না বিদ্রোহীরা।
আসতানা বৈঠককে বলা হচ্ছে সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপের বিশেষ প্রতিনিধিদলের প্রথম আলোচনা। যুদ্ধে জড়িয়ে পড়া সব পক্ষ এ আলোচনাকে স্বাগত জানিয়েছে। এর আগে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়া নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্যোগে কয়েক দফা শান্তি আলোচনা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়ে যায়।
গতকাল আলোচনায় সূচনা বক্তব্য দেন কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আবদ্রাখমানোভ। তিনি আলোচনার মাধ্যমে শান্তি স্থাপন ও সমাধানে পৌঁছানোর তাগিদ দেন।
বিরোধী নেতারা ১২টি বিদ্রোহী গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন। তাঁরা আলোচনায় অংশ নিলেও এ মুহূর্তে সরকারি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলাপে বসবেন না। বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া আল আরিদি এএফপিকে বলেন, একদিকে আলোচনার জন্য বসা হচ্ছে, আবার দামেস্কের কাছে অব্যাহতভাবে বোমা হামলা করা হচ্ছে।