সিরিয়া যাওয়া তিন ব্রিটিশ ছাত্রীর ছবি প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দিতে তুরস্ক পাড়ি দেওয়া সন্দেহভাজন তিন ব্রিটিশ স্কুলছাত্রীর ছবি প্রকাশ করা হয়েছে। এগুলো ক্লোজড সার্কিট টেলিভিশনের (সিসিটিভি) ক্যামেরায় তোলা। তুরস্ক হয়ে তারা সিরিয়ায় পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
পূর্ব লন্ডনের তিন কিশোরী গত ১৭ ফেব্রুয়ারি বিমানযোগে ইস্তাম্বুলে যায়। সিসিটিভির ছবিতে দেখা যায়, বেথনাল গ্রিন একাডেমির ওই তিন ছাত্রী ইস্তাম্বুলের বায়রামপাশা বাসস্টেশনে অপেক্ষা করছে। তাদের নাম শামীমা বেগম, আমিরা আবাস ও খাদিজা সুলতানা। প্রথম দুজনের বয়স ১৫ এবং তৃতীয়জনের ১৬ বছর।
পুলিশ বলছে, মা-বাবাকে সারা দিনের জন্য বাড়ি থেকে বেরোনোর কথা বলে ওই তিনজন লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর থেকে তুরস্কগামী ফ্লাইটে চড়ে। তারা ইস্তাম্বুল থেকে বাসে চড়ে ১৮ ফেব্রুয়ারি সিরিয়া সীমান্তের কাছের উরফায় পৌঁছায়। সেখান থেকে স্থানীয় মানব পাচারকারীদের সহায়তায় সীমান্ত পেরিয়ে সিরিয়ায় প্রবেশ করে।