সিরিয়া যুদ্ধের হারিয়ে যাওয়া মানুষগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানিয়া (প্রকৃত নাম নয়) সর্বশেষ ২০১১ সালের ১ নভেম্বর তাঁর বন্ধু মোহাম্মদ বছির আরবের সঙ্গে কথা বলেছিলেন। এরপর আর যোগাযোগ নেই। পরদিন বছিরকে গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া যায়। কিন্তু কোথায় রাখা হয়েছে, তাঁর স্বজনেরা তা জানেন না। পেশায় চিকিৎসক বছির সরকারবিরোধী রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত।
বছির আলেপ্পো শহরে কয়েক বছর ধরে সরকারবিরোধী কয়েকটি বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন। এসব কারণে সরকারের কোপানলে পড়েন তিনি। ২০০৪ থেকে ২০০৫ সালে কয়েক মাস তাঁকে বন্দিজীবন কাটাতে হয়েছে।
কিন্তু এবার বছিরের স্বজনদের আশঙ্কা ভিন্ন। কারণ, সিরিয়ায় ২০১১ সালের মার্চে সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকেই পরিস্থিতি পাল্টে গেছে। বাশার সরকারের বিভিন্ন বাহিনী অনেককে তুলে নিয়ে গেছে। এরপর আর তাঁদের কোনো খোঁজ মেলেনি।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক ফিলিপ লুথার বলেন, ‘সিরিয়া সরকারের’ কৌশল ভয়াবহ। সরকারের বিরুদ্ধে কেউ মুখ খুললে প্রথমে তাঁকে গ্রেপ্তার করা হয়। মুক্তি পেয়ে আবার সরকারের বিরুদ্ধে গেলে আর রক্ষা নেই। তখন ওই ব্যক্তিকে গুম করা হয়। এসব মানুষকে সিরিয়া যুদ্ধের প্রেতাত্মা বলে অভিহিত করা হয়।
ফিলিপ লুথার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক সরকারবিরোধী সন্দেহভাজনকে প্রথমে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। নানা তথ্য নিতে তাঁর ওপর চালানো হয় নির্যাতন। বছিরকে তুলে নেওয়ার পর তাঁর স্বজনেরাও অবর্ণনীয় যন্ত্রণা পোহান। তাঁকে কোথায় নেওয়া হয়েছে, সেই তথ্য পেতে প্রথমে ব্যর্থ হন তাঁরা। পরে বিভিন্ন নির্যাতন-শিবির থেকে মুক্তি পাওয়া অনেকে তাঁকে দেখার কথা স্বজনদের জানান।
কারাগারফেরত এক ব্যক্তি বলেন, বছিরকে সর্বশেষ আলেপ্পো শহরের বিমান গোয়েন্দা সংস্থার শাখায় দেখা গেছে। পরে তাঁকে একই শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর মাথায় তখন গুরুতর জখম ছিল। আরেক ব্যক্তি জানান, চলতি বছরের শুরুর দিকে তাঁকে সায়িদনায়া সেনা কারাগারে দেখা গেছে। হয়তো তাঁকে সামরিক আদালতের মুখোমুখি করা হয়েছে। এরপর তাঁর ভাগ্যে কী ঘটেছে, কেউ তা জানে না।
সূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল