সিরিয়া সংকট নিয়ে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল নিউইয়র্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ছবি: রয়টার্স
সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল নিউইয়র্কে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ছবি: রয়টার্স

সিরিয়ায় বিমান হামলা চালানোর ক্ষেত্রে সংঘর্ষ এড়াতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক বাহিনী যত দ্রুত সম্ভব আলোচনায় বসছে। দেশ দুটির শীর্ষ কূটনীতিকেরা এ কথা বলেছেন। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাশিয়া গতকাল বুধবার সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিদের অবস্থানে প্রথমবারের মতো বিমান হামলা চালিয়েছে। ইরাক ও সিরিয়ায় আইএসের অবস্থানে আগে থেকেই বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।
সিরিয়া নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের অবস্থান একেবারে বিপরীতমুখী। সিরীয় প্রেসিডেন্ট বাশারের বড় সমর্থক রাশিয়া। অন্য দিকে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্র দেশগুলো ঘোর বাশারবিরোধী। সম্প্রতি বাশারের বিষয়ে ইউরোপীয়রা সমঝোতার প্রয়োজনে তাদের নীতি নমনীয় করার ইঙ্গিত দিয়েছে।
রাশিয়ার পার্লামেন্টের উচ্চ পরিষদ ফেডারেশন কাউন্সিল গতকালই সিরিয়ায় রুশ সামরিক অভিযান চালানোর বিষয়টি অনুমোদন করে। এর পরপরই আইএস জঙ্গিদের অবস্থানে বিমান হামলা চালায় রাশিয়া। ১৯৭৯ সালে আফগানিস্তান অভিযান সমাপ্ত হওয়ার পর থেকে দূরবর্তী কোনো স্থানে এটাই রাশিয়ার প্রথম সামরিক হামলার ঘটনা।
রুশ প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষ্য, তাঁদের বিমান অন্তত ২০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের উদ্বেগ, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু আইএস নয়, তাদের মিত্র বাশারের অন্য প্রতিপক্ষ।
ন্যাটো বলেছে, আইএসবিরোধী অভিযানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে রাশিয়া সামান্য সমন্বয় করছে।
এই প্রেক্ষাপটে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভারভ বলেছেন, বিমান হামলায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে যোগাযোগের চ্যানেল প্রতিষ্ঠা করা দরকার।
অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, যত শিগগির সম্ভব আলোচনা হবে। সেটা আজও হতে পারে।