সিরিয়া সংকট সমাধানে নতুন উদ্যোগ রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চলমান সংকটের সমাধানে নেতৃত্বের ভূমিকায় এখন রাশিয়া। সামরিক অভিযানের পাশাপাশি সিরিয়া সংকট নিয়ে কূটনীতিক পদক্ষেপ নিতে তৎপর তারা।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আকস্মিক মস্কো সফর ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের পর সিরিয়া বিষয়ে রাশিয়ার নতুন তৎপরতা স্পষ্ট হয়েছে।

পুতিন ও বাশার তাঁদের মধ্যে আলোচনায় এ বিষয়ে একমত হয়েছেন যে, সিরিয়ায় সামরিক অভিযানের সঙ্গে রাজনৈতিক পদক্ষেপও দরকার।

ক্রেমলিন থেকে বলা হয়েছে, পুতিনের সঙ্গে বাশারের মূলত সামরিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। বাশারকে সিরিয়ায় চলমান রুশ সমর্থন অব্যাহত রাখার কথা বলেছেন পুতিন। একই সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে পুতিন একটি রাজনৈতিক সমাধানের কথাও বলেন।

পুতিন বলেন, ‘আমরা সিরিয়ায় শুধু অস্ত্র দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবদান রাখতে চাই না, সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়ায়ও অবদান রাখতে চাই। এই প্রক্রিয়ায় অবশ্যই বিশ্বের পরাশক্তিগুলো এবং ওই অঞ্চলের অন্য দেশ, যারা সিরিয়া সংকটের শান্তিপূর্ণ সমাধান চায়, তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকবে।’

সিরিয়ায় সামরিক ও রাজনৈতিক তৎপরতায় রাশিয়ার ভূমিকার প্রশংসা করেছেন বাশার। একই সঙ্গে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপের ওপর জোর দিয়েছেন।

বিবিসি বলছে, সিরীয় প্রেসিডেন্টকে মস্কোয় অভ্যর্থনা জানিয়ে রুশ প্রেসিডেন্ট পশ্চিমাদের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন। সেই বার্তা হলো—মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ নিয়ামক মস্কো। রাশিয়ার সংশ্লিষ্টতা ছাড়া সিরিয়া-সংকটের কোনো সমাধান হতে পারে না।

এদিকে বাশারের মস্কো সফরের পরিপ্রেক্ষিতে পুতিন বেশ কয়েকটি দেশের নেতার সঙ্গে কথা বলেছেন। ওই দেশগুলো হচ্ছে সৌদি আরব, তুরস্ক, মিসর ও জর্ডান। এই দেশগুলোর নেতাদের ব্রিফ করেছেন পুতিন।

মস্কো ঘোষণা দিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ কাল শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে সিরিয়া বিষয়ে আলোচনা করবেন। একই বিষয়ে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করবেন তিনি।

বিবিসি বলছে, সামরিক অভিযানের পাশাপাশি সিরিয়া বিষয়ে রাশিয়ার কূটনৈতিক পরিকল্পনার একটি নতুন পর্যায় সামনে এসেছে।

গত মঙ্গলবার আকস্মিক সফরে রাশিয়া যান বাশার। সেখানে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

বাশারের মস্কো সফরের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মস্কোয় বাশারকে লাল গালিচা অভ্যর্থনা জানানোয় রাশিয়ার সমালোচনা করেছে হোয়াইট হাউস।

রাশিয়া গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করে। মস্কো বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে তাদের এই অভিযান।

তবে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি মিত্র দেশের অভিযোগ, আইএসের কথা বললেও রাশিয়ার হামলার মূল্য লক্ষ্য প্রেসিডেন্ট বাশারবিরোধী বিদ্রোহীদের নিশ্চিহ্ন করা।

সিরিয়ায় ২০১১ সালের মার্চে শুরু হওয়া গণতন্ত্রপন্থীদের বাশারবিরোধী আন্দোলন ধীরে ধীরে গৃহযুদ্ধে রূপ নেয়। পাশাপাশি সেখানে উত্থান ঘটে আইএসসহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর।