সিরিয়া সংলাপ নিয়ে ধোঁয়াশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে কাল শুক্রবার জেনেভায় শুরু হচ্ছে জাতিসংঘ আয়োজিত আলোচনা। তবে সেই আলোচনা নিয়ে এখনো রয়েছে নানা অনিশ্চয়তা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীরা এতে যোগ দিচ্ছে কি না, তা গতকাল বুধবার পর্যন্ত নিশ্চিত হয়নি।
সংলাপে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার বা বিদ্রোহীদের পক্ষে কারা নেতৃত্ব দেবে তা এখনো নিশ্চিত হয়নি। ঠিক কোন দলগুলো আলোচনায় আমন্ত্রণ পেয়েছে, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। খবর রয়টার্স ও এএফপির।
শান্তি আলোচনায় যোগ দেওয়া হবে কি না, তা নিয়ে গতকাল সৌদি আরবের রিয়াদে বাশারবিরোধীরা আলোচনায় বসেন। এই আলোচনাকে শান্তি সংলাপের ক্ষেত্রে একটি অগ্রগতি হিসেবেই দেখা হচ্ছিল। রিয়াদের একটি বিলাসবহুল হোটেলে চলা ওই আলোচনা নিয়ে সৌদি আরবের সমর্থনপুষ্ট সিরীয় বিরোধী দলের জোট হাই নেগোসিয়েশনস কমিটির (এইচএনসি) মুখপাত্র মোনজের মাখুস বলেন, ‘আলোচনা দীর্ঘক্ষণ চলবে। তা শেষ না হওয়া পর্যন্ত মন্তব্য করব না।’
আগামীকালের শান্তি আলোচনা গত সোমবারই শুরু হওয়ার কথা ছিল। তবে বাশারবিরোধীদের নেতৃত্ব কে দেবেন, তা নিয়ে সিদ্ধান্ত না হওয়ায় এটি পিছিয়ে যায়। গত মঙ্গলবার থেকে বিরোধী জোটের কমিটি এইচএনসির বৈঠক শুরু হয়। এইচএনসি চাইছে এককভাবে এই আলোচনায় নেতৃত্ব দিতে। তবে বিরোধী আরও কয়েকটি দলের কয়েকজন নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, জেনেভার শান্তি আলোচনায় তাঁরাও ডাক পেয়েছেন।
এইচএনসির একটি সূত্র জানায়, তারা আলোচনায় আমন্ত্রণ পেয়েছে তবে যোগ দেবে কি না, তা নিয়েই আলোচনা চলছে। মুখপাত্র মোনজের মাখুস বলেন, ‘শান্তি আলোচনায় বসার আমন্ত্রণ গ্রহণ বা প্রত্যাখ্যানের জন্য এই আলোচনা নয়। কারা এতে যোগ দিচ্ছে সে বিষয়ে আমরা পরিষ্কার হতে চাই।’
এইচএনসির সদস্য সালেম আল-মেসলেত বলেন, আলোচনার পরিবেশ বেশ ইতিবাচক।
শান্তি আলোচনায় সিরিয়ার কুর্দিদের আমন্ত্রণ জানানো হয়নি বলে জানা গেছে। সিরিয়া-বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দ্য মিসতুরাকে উদ্ধৃত করে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফাবিয়াস বলেন, কুর্দিদের দল পিওয়াইডিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। ফাবিয়াস বলেন, ‘পিওয়াইডি নানা ঝামেলা করেছে। তাই তাদের আমন্ত্রণ জানানো হয়নি বলে মিসতুরা জানিয়েছেন।’
ফাবিয়াস এও জানান, মিসতুরা তাঁকে এটাও নিশ্চিত করেছেন যে, রিয়াদভিত্তিক বিরোধীদের একটি জোট আলোচনায় বিরোধীদের নেতৃত্ব দিচ্ছে। তিনি তাদের নাম উল্লেখ না করলেও সেই দলটি এইচএনসি বলে মনে করা হচ্ছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরোধীদের মধ্যে মধ্যপন্থী বলে পরিচিত পক্ষগুলোর প্রতি ফ্রান্সের সমর্থন রয়েছে।
এবারের শান্তি আলোচনা সিরিয়া সংকট সমাধানের সাম্প্রতিকতম আন্তর্জাতিক উদ্যোগ। ২০১১ সাল থেকে শুরু হওয়া সংঘাতে এযাবৎ ২ লাখ ৬০ হাজার মানুষ মারা গেছে। লাখ লাখ মানুষ হয়েছে গৃহহীন ও দেশছাড়া।