সিরিয়ার অবরুদ্ধ সাত স্থানে ত্রাণ পৌঁছানোর 'অনুমতি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান লড়াইয়ের কারণে অবরুদ্ধ হয়ে পড়া সাতটি স্থানে ত্রাণ-সহায়তা পৌঁছে দেওয়ার অনুমতি দিয়েছে সিরিয়ার সরকার। কয়েক দিনের মধ্যেই এসব এলাকায় ত্রাণ পৌঁছানো যাবে বলে আশা করছে জাতিসংঘ। রাজধানী দামেস্কে এক জরুরি বৈঠক শেষে জাতিসংঘের সিরিয়া-বিষয়ক বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা এ কথা বলেছেন। খবর বিবিসি ও আল-জাজিরার।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম ও দূত স্তেফান দ্য মিস্তুরার মধ্যে গত মঙ্গলবার বৈঠক হয়। বৈঠক শেষে মিস্তুরা জানান, সিরিয়ার সরকার এ বিষয়ে তাঁকে সবুজ সংকেত দিয়েছে। সরকার আসলেই এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ কি না, তা এখন পরীক্ষা করে দেখতে চান তাঁরা।
মিস্তুরার ঘোষণা মোতাবেক, গতকাল বুধবারই এই ‘পরীক্ষা’ শুরু করার কথা ছিল। কিন্তু এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গতকাল কোনো এলাকার উদ্দেশে মানবিক ত্রাণবাহী গাড়িবহর রওনা হয়েছে কি না, তাও জানা যায়নি।
যেসব এলাকায় ত্রাণ পৌঁছানোর অনুমতি মিলেছে, তার মধ্যে রয়েছে দেইর আল-জর প্রদেশ, ইদলিব প্রদেশের ফোউয়া ও কাফরাইয়া এবং দামেস্কের গ্রামীণ এলাকা মাদায়া, জাবাদানি, কাফর বাতনা ও মৌয়াদামিয়া।
এমন এক সময়ে এই ঘোষণ এল, যখন রাশিয়ার বিমান হামলার সহায়তা নিয়ে সিরিয়ার সরকারি বাহিনী দ্রুততার সঙ্গে বিদ্রোহীদের দিকে এগিয়ে যাচ্ছে। এ ছাড়া জাতিসংঘের মধ্যস্থতায় বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ার কয়েক দিনের মাথায় এ উদ্যোগ এল।