সিরিয়ার আইএস ও কুর্দি অবস্থানে তুরস্কের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্ক গতকাল মঙ্গলবার প্রতিবেশী সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও কুর্দি বিদ্রোহীদের লক্ষ্যবস্তুতে গোলা বর্ষণ করেছে। সিএনএন বলেছে, সিরিয়া-সংলগ্ন তুরস্কের সীমান্ত এলাকায় আইএসের মর্টারের গোলা নিক্ষেপের জবাব দিতেই এ হামলা। তবে গাজিয়ানতেপ শহরে বিয়েবাড়িতে আইএসের বলে সন্দেহ করা হামলার প্রতিক্রিয়ায় এমনিতেও সিরিয়ায় জঙ্গি সংগঠনটির বিরুদ্ধে তুরস্কের বড় ধরনের হামলার সম্ভাবনা বেড়েছে।

সিরিয়া সীমান্ত-সংলগ্ন তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর কারকামিসে দুই দফায় মর্টারের গোলা নিক্ষেপ হয়। কারকামিস শহরটি সিরিয়ার জারাব্লাস শহর-সংলগ্ন।  মর্টারের গোলা পড়ার পর গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে তুরস্কের গোলন্দাজ বাহিনী সিরিয়ার ভূখণ্ডে প্রায় ৬০ বার গোলা বর্ষণ করে। তুরস্কের বাহিনী গতকাল সিরিয়ার কুর্দিপন্থী সংগঠন ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) নিয়ন্ত্রিত এলাকা মানবিজেও হামলা চালায়। 

তুরস্ক কুর্দিপন্থী পিওয়াইডিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে। তারা মনে করে এটি ‘সন্ত্রাসী সংগঠন’ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) একটি শাখা। 

সিরিয়া সীমান্ত-সংলগ্ন তুর্কি শহর গাজিয়ানতেপে গত শনিবার রাতে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৫৪ জন নিহত হয়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ওই হামলার জন্য আইএস দায়ী বলে সন্দেহ প্রকাশ করেছেন।