সিরিয়ার আলেপ্পোয় ভয়াবহ বিমান হামলা, ৪৫ জন নিহত
সিরিয়ার আলেপ্পো শহরে বিদ্রোহীদের দখলে থাকা এলাকায় কয়েক মাসের মধ্যে ভয়াবহ বিমান হামলা চালানো হয়েছে গত বুধবার রাতে। এতে শিশুসহ ৪৫ জন নিহত হয়েছে বলে একটি হাসপাতালের পরিচালক জানিয়েছেন। খবরে বলা হয়, বিমান থেকে ফেলা বোমার কারণে এলাকার কয়েকটি সড়কের পুরো অংশে আগুন জ্বলতে থাকে।
বিদ্রোহীদের নেতা ও ত্রাণকর্মীরা বলেছেন, যুদ্ধবিমান থেকে যেসব বোমা ফেলা হয়েছে, তার মধ্যে ছিল আগুনে বোমা।
যুক্তরাষ্ট্র সিরিয়া সরকার ও রাশিয়াকে সিরিয়ায় যুদ্ধবিমান উড্ডয়ন বন্ধ রাখার প্রস্তাব দিলেও তারা তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। এতে ইতিমধ্যে ভেঙে পড়া যুদ্ধবিরতি আবার চাঙা করার আশাও ক্ষীণ হয়ে গেছে বলে মনে করা হচ্ছিল। দীর্ঘদিনের এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধের চেষ্টায় রুশ-মার্কিন মধ্যস্থতায়ই ওই যুদ্ধবিরতি শুরু হয়েছিল।
সিভিল ডিফেন্স বাহিনীর ত্রাণ দলের প্রধান আমর আল-সেলমো বলেন, এমনভাবে বোমা ফেলা হয়েছে, যেন যুদ্ধবিমানগুলো গত কয়েক দিনের যুদ্ধবিরতির ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। দৃশ্যত যুদ্ধবিমানের হামলা ও কামানের গোলাবর্ষণের মধ্যে সমন্বয় করা হচ্ছিল। কারণ বিমান থেকে যেখানে বোমা ফেলা হচ্ছিল, সেখানেই গোলা এসে পড়ছিল।