সিরিয়ার কারাগারে বিমান হামলায় নিহত ১৬
সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের একটি কারাগারে বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার রাতের এ হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে কারাগারের বন্দী ও কর্মী উভয়েই। পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস শনিবার এ কথা জানিয়েছে।
মিত্র রাশিয়ার যুদ্ধবিমানের সহায়তা নিয়ে ইদলিবে বিদ্রোহী অবস্থানগুলোর ওপর ব্যাপক বোমাবর্ষণ করছে সিরিয়ার বিমানবাহিনী।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন অবজারভেটরি বলেছে, বিমান হামলায় কারাগারের ক্ষতিগ্রস্ত একটি অংশ দিয়ে বন্দীরা পালানোর চেষ্টা করলে তাদের গুলি করে হত্যা করা হয় বলে তারা খবর পেয়েছে। নিহত ১৬ জনের মধ্যে দুজন রক্ষী।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সরকারি বাহিনী ও তাদের মিত্রদের চাপের মুখে রয়েছে বিদ্রোহী যোদ্ধারা। তাদের অনেকে এত দিন নিয়ন্ত্রণে থাকা এলাকা ছেড়ে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবে এসে জড়ো হয়েছে।
ইদলিবের কিছু অংশ তুরস্ক সমর্থিত বিদ্রোহী ও ফ্রি সিরিয়ান আর্মির দখলে থাকলেও অন্য এলাকাগুলো জঙ্গিগোষ্ঠী আহরার আল শাম ও তাহরির আল শামের দখলে আছে। তাহরির আল শাম নুসরা ফ্রন্টের একটি শক্তিশালী অঙ্গসংগঠন।
ইদলিব সিরিয়ার বিদ্রোহীদের দখলে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর একটি।