সিরিয়ার পুরোটা পুনর্দখলে অনড় আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার রাজধানী দামেস্কে এএফপিকে বিশেষ সাক্ষাৎ​কার দেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি: এএফপি
সিরিয়ার রাজধানী দামেস্কে এএফপিকে বিশেষ সাক্ষাৎ​কার দেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ছবি: এএফপি

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পণ করেছেন, দেশের পুরোটা আবার নিজের দখলে নিয়ে আসবেন। এ জন্য সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ তিনি চালিয়ে যাবেন। সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলা রক্তপাত বন্ধে গতকাল শুক্রবার যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের শক্তিধর দেশগুলো। এর কয়েক ঘণ্টা আগে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আসাদ এ কথা বলেন।
গত বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে সাক্ষাৎকারটি দেন আসাদ। গতকাল এএফপিতে তা প্রকাশিত হয়।
আসাদ বলেন, তুরস্কের পথ ব্যবহার করে বিদ্রোহীদের কাছে যে রসদ পৌঁছানো হয়, এতে বাধা দিতেই রুশ বিমান হামলার সহায়তায় তাঁর সেনারা সিরিয়ার বৃহত্তম শহর আলেপ্পোর দিকে এগিয়ে যাচ্ছে। তাঁর লক্ষ্য, পুরো সিরিয়াকে নিজের দখলে নিয়ে আসা। আইএসের দখল করা এলাকাগুলো নিজের নিয়ন্ত্রণে আনা।
আসাদ বলেন, তুরস্ক, জর্ডান, ইরাক দিয়ে বিদ্রোহীদের কাছে রসদ সরবরাহ বন্ধ করা গেলে সিরিয়া সংকটের সমাধান এক বছরের কম সময়ে করা সম্ভব। কিন্তু রসদ সরবরাহের পথ বন্ধ না করা গেলে সিরিয়া সংকটের সমাধান হতে আরও অনেক সময় লাগবে। সিরিয়াবাসীকে এ জন্য চড়া মূল্য দিতে হবে।
আসাদের আশঙ্কা, তুরস্ক ও সৌদি আরব বিদ্রোহীদের সমর্থন জোগাবে। তারা চাইবে, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ হোক।

সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলা রক্তপাত বন্ধে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়াসহ বিশ্বের শক্তিধর দেশগুলো। যুদ্ধবিরতির এ সিদ্ধান্ত কার্যকর করতে এক সপ্তাহের মধ্যে একটি চুক্তি সইয়ের কথা রয়েছে।

জার্মানির মিউনিখে গত বৃহস্পতিবার ১৭ জাতির ‘আন্তর্জাতিক সিরিয়া সমর্থক গ্রুপ (আইএসএসজি)’-এর এক বৈঠকে এ সম্মতি প্রতিষ্ঠিত হয়। এ যুদ্ধবিরতি পরিকল্পনা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সহযোগী আল-নুসরা ফ্রন্টের জন্য কার্যকর হবে না। যুদ্ধবিরতি কার্যকর করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে একটি টাস্কফোর্স সিরিয়ার বিবদমান গোষ্ঠীগুলোর সঙ্গে সলাপরামর্শের ভিত্তিতে কাজ করবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা ওই সম্মতির কথা ঘোষণা করেন। বৈঠকে প্রতিনিধিরা সিরিয়ায় ত্রাণ কার্যক্রম জোরদার ও সম্প্রসারিত করা এবং অবরুদ্ধ শহরগুলোতে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়েও একমত হন।

দীর্ঘ সময় ধরে অনেক রক্তপাত ঘটানোর পর যুদ্ধবিরতির বিষয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পক্ষগুলো একমত হলেও এটি কতটা কার্যকর হবে, সেটাই এখন দেখার বিষয় বলে জানাচ্ছেন বিশ্লেষকেরা। এ প্রসঙ্গে জন কেরি বলেই ফেলেছেন, যুদ্ধবিরতির এ পরিকল্পনা বেশ উচ্চাভিলাষী। বিভিন্ন পক্ষ একে কতটা সম্মান করে, সেটাই হবে এর আসল পরীক্ষা।

বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জন কেরি ও সের্গেই লাভরভ দুই নেতাই স্বীকার করেন, এই মুহূর্তে এটা কেবল কাগজে-কলমে অগ্রগতি। কিছু কূটনীতিক এরই মধ্যে বলেছেন, ‘কাগজে ছাপা হওয়ার বাইরে এই সম্মতি বা পরিকল্পনার কোনো মূল্য নেই।’

প্রায় সাড়ে পাঁচ বছর আগে সিরিয়ায় সংঘাতের শুরু। প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা দেশগুলো অনেক চেষ্টাই করেছে। কিন্তু এই যুদ্ধে আসাদের পক্ষে রাশিয়া যুক্ত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে এক সর্বাত্মক গৃহযুদ্ধে পড়ে দেশটি। রাশিয়া বলছে, আইএসকে লক্ষ্য করে তাদের বিমান হামলা চলছে। কিন্তু পশ্চিমাদের অভিযোগ, আইএস নয়, বরং প্রেসিডেন্ট আসাদের বিরোধীদের লক্ষ্য করেই বিমান হামলা চালাচ্ছে দেশটি।

সিরিয়ায় চলা এ যুদ্ধে নিহত হয়েছে আড়াই লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি ৩৫ লাখ। সম্প্রতি গবেষণা প্রতিষ্ঠান ‘সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের’ প্রতিবেদনে নিহত মানুষের সংখ্যা বলা হয় চার লাখ ৭০ হাজার, যা ওই পরিসংখ্যানের প্রায় দ্বিগুণ। ইতিমধ্যে গৃহযুদ্ধ থেকে বাঁচতে সিরিয়া থেকে ইউরোপে পাড়ি জমিয়েছে হাজারো শরণার্থী।