সিরিয়ায় যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঙ্ঘনের কিছু কিছু অভিযোগ ওঠা সত্ত্বেও সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত সাময়িক যুদ্ধবিরতি দৃশ্যত মোটের ওপর কার্যকর হচ্ছে। গতকাল রোববার এ যুদ্ধবিরতি দ্বিতীয় দিনে গড়ায়। দেশটিতে প্রায় পাঁচ বছর ধরে চলা রক্তপাত বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার দীর্ঘ আন্তর্জাতিক প্রচেষ্টায় এযাবৎকালের সবচেয়ে সফল উদ্যোগ এটাই। খবর বিবিসির।

গত শনিবার মধ্যরাত থেকে যুদ্ধবিরতি শুরুর পর কোথাও কোথাও সীমিত পর্যায়ে তা লঙ্ঘনের অভিযোগ উঠলেও বড় ধরনের ব্যত্যয়ের কোনো ঘটনা ঘটেনি। সিরীয় যুদ্ধক্ষেত্রের গুরুত্বপূর্ণ স্থান ও দেশটির বৃহত্তম শহর আলেপ্পোর পরিস্থিতিও শান্ত বলেই বলা হচ্ছে।

গতকাল বাশারবিরোধীরা অভিযোগ করে, বাশার সরকার ও তাদের মিত্ররা শনিবার যুদ্ধবিরতির প্রথম দিনে মোট ১৫ বার তা লঙ্ঘন করেছে। বিরোধীদের মুখপাত্র সালেম আল-মেসলেত বলেন, এর মধ্যে দুটি হামলা চালায় লেবাননভিত্তিক শিয়া সংগঠন হিজবুল্লাহ। অন্যদিকে, সিরিয়ায় রুশ অভিযান সমন্বয়কারী কর্তৃপক্ষ বলেছে, গতকাল রোববার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় নয়বার যুদ্ধবিরতি লঙ্ঘন হয়েছে। তবে মোটের ওপর তা কার্যকর আছে। মস্কোতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনকারীদের মধ্যে রয়েছে তুরস্ক ও সিরীয় বিদ্রোহীরা।

 জোরদার আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার পর প্রতিষ্ঠিত এ যুদ্ধবিরতি মেনে নিয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার ও ৭৯টি বিবদমান বিদ্রোহী গোষ্ঠী। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও আল-কায়েদার সঙ্গে যুক্ত নুসরা ফ্রন্টকে অবশ্য এর আওতায় রাখা হয়নি। যুদ্ধবিরতির অন্যতম উদ্দেশ্য হলো, বিপন্ন বেসামরিক লোকজনের কাছে জরুরি ত্রাণ পৌঁছানো এবং সেই সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরু করা।

যুদ্ধবিরতির মধ্যে শনিবার সিরিয়ার সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, এদিন রাজধানী দামেস্কের কিছু আবাসিক এলাকায় কয়েকটি গোলা এসে পড়েছে। তবে কারা এ গোলা ছুড়েছে, তা বলা হয়নি। অন্য কয়েকটি স্থানে সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর সদস্যদের মধ্যে অল্প মাত্রায় সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ইতিমধ্যে এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

এদিকে সিরিয়াবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা বলেছেন, বড় পরিসরে যুদ্ধবিরতি কার্যকর হলে সিরিয়া নিয়ে আগামী ৭ মার্চই শান্তি আলোচনা শুরু হবে।