সিরিয়ার বিদ্রোহীদের সহায়তার প্রস্তাব মস্কোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকারবিরোধী প্রধান বিদ্রোহী জোট ফ্রি সিরিয়ান আর্মিকে (এফএসএ) ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করারও প্রস্তাব দিয়েছে মস্কো। এফএসএ অবশ্য এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
এদিকে রাশিয়ার পার্লামেন্টের একজন সদস্য জানিয়েছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নতুন নির্বাচন দিতে প্রস্তুত আছেন। খবর আল-জাজিরা ও রয়টার্সের।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত শনিবার বলেন, তাঁর দেশ আইএসের বিরুদ্ধে এফএসএর চলমান হামলায় নিবিড়ভাবে সহযোগিতা করতে চায়। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিও তাদের সহযোগিতার দ্বার খোলা রয়েছে। লাভরভ বলেন, ‘আমাদের সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসবিরোধী লড়াই চালানোর প্রস্তাব প্রত্যাখ্যান করা যুক্তরাষ্ট্রের জন্য বিরাট ভুল।’ তিনি বলেন, ‘সিরিয়ার দেশপ্রেমিক বিরোধী জোটগুলোকে বিমান হামলার মাধ্যমে সহযোগিতা দিতে আমরা তৈরি আছি। এফএসএর প্রতিও এই প্রস্তাব রইল।’
তবে লাভরভের দেওয়া প্রস্তাব দ্রুতই প্রত্যাখ্যান করে বিদ্রোহীরা। এফএসএ বলছে, রাশিয়া নিয়মিতভাবে তাদের ওপর বিমান হামলা চালাচ্ছে। আর এখন সহযোগিতার প্রস্তাব দিয়েছে। বাশারবিরোধী প্রধান রাজনৈতিক জোট সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশনের সশস্ত্র শাখা ডিভিশন-১৩-এর লেফটেন্যান্ট কর্নেল আহমেদ সৌদ বলেন, ‘সহযোগিতার প্রস্তাব বাদ দিয়ে রাশিয়া বরং হামলা বন্ধ করুক।’