সিরিয়ার সরকারবিরোধী যোদ্ধাদের অভিযানের মুখে দেশটির উত্তরাঞ্চলের তুরস্ক সীমান্তবর্তী মানবিজ এলাকা ছেড়ে পালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তাদের কাছে জিম্মি থাকা প্রায় দুই হাজার বেসামরিক নাগরিককে উদ্ধার করা হয়েছে। তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করত আইএস।
যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) একজন মুখপাত্র দাবি করেছেন, পুরো মানবিজ শহর এখন আইএস মুক্ত। তাদের সব যোদ্ধা শুক্রবার পালিয়ে যাওয়ার পর মানবিজের নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী বাহিনীর হাতে।
এসডিএফের সহযোগী মানবিজ মিলিটারি কাউন্সিলের সারফান দারউইশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আইএসের কাছে জিম্মি প্রায় দুই হাজার বেসামরিক নাগরিককে মুক্ত করা হয়েছে। মানবিজ এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। তবে আমরা এখনো অভিযান অব্যাহত রেখেছি।’
বিবিসি জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট গত সপ্তাহে সেখানকার বেশির ভাগ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল। খুব অল্পসংখ্যক আইএস শুক্রবার পর্যন্ত লড়াই অব্যাহত রেখেছিল। গত মে মাসের শেষ দিক থেকে মানবিজে শুরু হয় মার্কিন-সমর্থিত বিদ্রোহী বাহিনীর হামলা।
সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, কয়েক মাসের এই লড়াইয়ে ১০৫টি শিশুসহ ৪৩৭ জন বেসামরিক লোকের প্রাণহানি হয়। বিদ্রোহী বাহিনীর ২৯৯ জন সদস্য এবং এক হাজারের বেশি আইএস সদস্য নিহত হয়। যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি জানায়, মানবিজ থেকে ৫০০টি গাড়িতে করে মুক্তি পাওয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছে। রুশ এবং সিরীয় বিমান যখন আইএস লক্ষ্যবস্তুতে বোমা হামলা করছিল, তখন বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহারের জন্য অপহরণ করেছিল আইএস সদস্যরা। সিরীয় বাহিনীর হামলায় পিছু হটার সময় জিম্মিদেরও সঙ্গে নিয়ে যায় আইএস সদস্যরা। পরে শুক্রবারের অভিযানে ওই জিম্মিদের উদ্ধার করা হয়।
তুর্কি সীমান্তবর্তী মানবিজ এলাকার নিয়ন্ত্রণ হাতছাড়া হওয়া আইএসের জন্য বড় ধরনের বিপর্যয়। এতে তুরস্ক হয়ে গোষ্ঠীটিতে যোগ দিতে ইচ্ছুক বিদেশি যোদ্ধাদের আসা বাধাগ্রস্ত হবে এবং তুর্কি সীমান্ত হয়ে আসা রসদ সরবরাহ বন্ধ হয়ে যাবে। এই সীমান্ত পথ দিয়েই বিভিন্ন দেশ থেকে এসে যোদ্ধারা আইএসে যোগ দিত।
সিরীয় কুর্দি নেতা সালিহ মুসলিম বলেন, আইএস এখন ইউরোপ ও অন্যান্য এলাকায় অবাধে বিচরণ করতে পারবে না।
এদিকে বৈশ্বিক জঙ্গিবাদ নজরদারি সংস্থা সাইট ইন্টেলিজেন্স জানিয়েছে, শুক্রবার ইরাকে পাঁচজনকে হত্যা করেছে আইএস। তাদের নিয়ন্ত্রিত এলাকা থেকে আটকে পড়া লোকজনকে সরে যেতে সাহায্য করার অভিযোগে ওই লোকদের হত্যা করা হয়।