সিরিয়ার রক্ষাকারী হিসেবেই যেন আমাকে মনে রাখা হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

গৃহযুদ্ধকবলিত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বলেছেন, এখন থেকে ১০ বছর পরও লোকে তাঁকে স্মরণ করবে—এটাই তাঁর চাওয়া। তাঁর প্রত্যাশা, সিরিয়াকে রক্ষা করেছেন এমন একজন হিসেবেই মানুষের মনে স্থান পাবেন। স্পেনের সংবাদপত্র এল পায়েস-এ গতকাল রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাশার। খবর গার্ডিয়ানের।
ছয় বছরে পা রাখা রক্তক্ষয়ী সিরীয় গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে এখন পর্যন্ত যেসব আন্তর্জাতিক প্রচেষ্টা চলেছে, সবখানেই মূল প্রশ্ন হিসেবে সামনে এসেছে প্রেসিডেন্ট বাশারের পরিণতির বিষয়টি।
এল পায়েস-এর সাক্ষাৎকারে ১০ বছর পরও প্রেসিডেন্ট থাকবেন কি না, সেই প্রশ্ন উন্মুক্ত রেখেছেন বাশার। তিনি বলেছেন, লড়াইরত সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বহু আকাঙ্ক্ষিত অস্ত্রবিরতি বাস্তবায়নে তিনি প্রস্তুত রয়েছেন। কিন্তু বিদ্রোহীরা ও তুরস্কসহ তাদের আন্তর্জাতিক সমর্থনদাতারা এটাকে ভূখণ্ড দখলের সুযোগ হিসেবে ব্যবহার করবে না, এমন নিশ্চয়তা পেলেই কেবল তা সম্ভব।
সাক্ষাৎকারে বাশার বলেন, ‘সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে ১০ বছরের মধ্যে আমি যদি সিরিয়াকে রক্ষা করতে পারি—এর অর্থ কিন্তু এই নয় যে আমি এই ১০ বছর প্রেসিডেন্ট থাকতে যাচ্ছি, আমি আসলে আমার ১০ বছরের স্বপ্নের কথা বলছি। সিরিয়া যদি নিরাপদ ও অক্ষত থাকে, তাহলে আমিই হব সেই ব্যক্তি, যে দেশকে রক্ষা করেছে। এখন সেটাই আমার কাজ; সেটাই আমার দায়িত্ব। সিরিয়ার জনগণ চাইলে আমি ক্ষমতায় আছি। না চাইলে আমার কিছুই করার নেই। তার মানে, আমি আমার দেশকে সাহায্য করতে পারব না। আমাকে তক্ষুনি বিদায় নিতে হবে।’
সিরিয়া নিয়ে নতুন করে শান্তি আলোচনায় বসতে আগে মাঠের সংঘাত বন্ধ করতে চাপ দিচ্ছে বিশ্বশক্তিগুলো। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে লড়াই আরও তীব্র হওয়ায় তা সম্ভব হচ্ছে না। এর আগে ১২ ফেব্রুয়ারি দেওয়া এক সাক্ষাৎকারে বাশার দেশের পুরো ভূখণ্ড নিজের দখলে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। দেশটির মিত্র রাশিয়া পর্যন্ত এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বাশার এখন বলছেন, তিনি অস্ত্রবিরতির জন্য ‘প্রস্তুত’। কিন্তু ‘সন্ত্রাসীরা’ (তাঁর সরকার সব বিদ্রোহীকে সন্ত্রাসী বলে থাকে) যেন এটাকে নিজেদের অবস্থান পোক্ত করার উপলক্ষ হিসেবে ব্যবহার না করে। এল পায়েসকে দেওয়া সাক্ষাৎকারে বাশার বলেন, ‘এটা সব দেশকে, বিশেষ করে তুরস্ককে বাড়তি যোদ্ধা, বাড়তি সন্ত্রাসী ও বাড়তি অস্ত্রশস্ত্র পাঠানো থেকে বিরত রাখার ব্যাপার।’
সরকারি বাহিনী উত্তরাঞ্চলীয় প্রদেশ আলেপ্পোতে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। রুশ বিমান হামলার সুযোগ নিয়ে এবং ইরান ও লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সহায়তায় এ অভিযান চলছে। যুদ্ধের প্রচণ্ডতার কারণে এরই মধ্যে ওই এলাকা ছেড়ে পালিয়েছে হাজার হাজার মানুষ। বাশার বলছেন, এই সহায়তা ‘অপরিহার্য’।