সিরিয়ার শিক্ষাবঞ্চিত শিশুদের নিয়ে মালালার উদ্বেগ
যুদ্ধপীড়িত সিরিয়ার লাখো শরণার্থী শিশুর শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়ে পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই বলেছেন, ওই শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার জন্য অনেক কিছু করা প্রয়োজন। খবর বিবিসির।
দাতব্য প্রতিষ্ঠান মালালা ফান্ডের নতুন এক প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার প্রায় ৪০ লাখ শিশু বাস্তুচ্যুত হয়েছে। এদের প্রায় অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। প্রতিবেদনটি আজ শুক্রবার প্রকাশিত হওয়ার কথা।
সিরিয়ার শরণার্থী শিশুদের শিক্ষার বেহালদশা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নোবেল বিজয়ী মালালা বলেছেন, ওই শিশুরা একটি
‘হারিয়ে যাওয়া প্রজন্মে’ পরিণত হতে পারে।
মেয়েশিশুদের শিক্ষার অধিকার নিয়ে আন্দোলনের কারণে তালেবানের হামলার শিকার মালালা বর্তমানে সিরীয় শিশুদের শিক্ষার অধিকার নিয়ে কাজ করছেন। তাঁর নামে প্রতিষ্ঠিত মালালা ফান্ডের হিসাবে সিরিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনের মাত্র ৩৭ শতাংশ সহায়তা দিয়েছে দাতারা। প্রতিবেদনের হিসাবে, শিশুদের শিক্ষায় এই শূন্যতা পূরণে এক বছরে ১৪০ কোটি ডলার সহায়তা প্রয়োজন। এতে বলা হয়, প্রতিবেশী দেশগুলো সিরীয় শরণার্থীদের শিক্ষার জন্য ইতিমধ্যে তাদের সাধ্যমতো করছে।
মালালা বলেন, সিরীয় শিশুরা এমন একসময় শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, যখন তাদের ভবিষ্যতের চিকিৎসক, শিক্ষক ও প্রকৌশলী হিসেবে ক্রমে গড়ে ওঠার কথা।
আগামী সপ্তাহে লন্ডনে সিরিয়াবিষয়ক সম্মেলনের আগে এই প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ওই সম্মেলনে আন্তর্জাতিক দাতারা সিরীয় শিশুদের শিক্ষার জন্য সহায়তা দেওয়ার অঙ্গীকার করবে বলে আশা করা হচ্ছে।