সিরিয়ার সংঘাত বন্ধে 'সাময়িক মতৈক্য'
সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করতে রাশিয়ার সঙ্গে একটি ‘সাময়িক মতৈক্য’ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। জর্ডান সফররত কেরি বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ চুক্তি কার্যকর হবে। খবর এএফপির।
এ মাসের শুরুতে বিশ্বনেতারা সিরিয়ায় যুদ্ধ বন্ধ করতে সম্মত হন। এ বিষয়ে গতকাল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে টেলিফোনে আলোচনা করেন জন কেরি। এই ফোনালাপের পর জর্ডান সফররত কেরি রাজধানী আম্মানে সাংবাদিকদের বলেন, ‘নীতিগতভাবে আমরা সিরিয়ার সংঘাত বন্ধে একটি সাময়িক ঐকমত্যে উপনীত হয়েছি। এটি কয়েক দিনের মধ্যে কার্যকর হতে পারে।’
কেরি বলেন, বিষয়টি নিয়ে তিনি লাভরভের সঙ্গে একাধিকবার আলোচনা করেছেন। তিনি আশা প্রকাশ করেন, একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্পাদন করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই আলোচনা করবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও কেরি ও লাভরভের মধ্যে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। তারা বলেছে, আলোচনায় যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা হয়েছে। তবে সেখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার বিষয়টিকে বাইরে রাখা হয়েছে।
কেরি বলেছেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া দুই দেশই নানা পক্ষের সঙ্গে কথা বলার পর চুক্তি সম্পাদন হবে। রাশিয়া সিরিয়ার সরকার ও ইরানের সঙ্গে কথা বলবে আর যুক্তরাষ্ট্র সিরিয়ার বিরোধী দল এবং তাদের সহযোগীদের সঙ্গে আলোচনা করবে।
এর আগে সিরিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপ বন্ধ চেয়ে রাশিয়ার তোলা প্রস্তাব নাকচ করে দেয় নিরাপত্তা পরিষদ। পশ্চিমা শক্তির সঙ্গে তুরস্কও সিরিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের বিরোধী। তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিশ পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) অবস্থানে সম্প্রতি গোলাবর্ষণ শুরু করে। তুরস্কের এই সামরিক হস্তক্ষেপ বন্ধ চেয়েই রাশিয়া খসড়া প্রস্তাব তোলে। কিন্তু যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরোধিতায় তা নাকচ হয়ে যায়।