সিরিয়ার সেনা শিবিরে হামলার কথা অস্বীকার মার্কিন জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সেনা শিবিরে হামলার কথা অস্বীকার করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। সিরিয়ার অ​ভিযোগ, গতকাল রোববার সিরিয়ার সেনা শিবিরে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত তিনজন সেনা নিহত ও ১৩ জন আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে ও যথাযথ ব্যবস্থা নিতে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদ বরাবর চিঠিও দিয়েছে সিরিয়া।

এক বছরেরও বেশি সময় ধরে মার্কিন জোট সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে। তবে এই প্রথমবারের মতো ওই জোটের হামলায় সিরিয়ার সেনাসদস্য নিহত হওয়ার অভিযোগ উঠল।
এই হামলা চালানোর কথা অস্বীকার করে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, ‘বিভিন্ন প্রতিবেদনে বিমান হামলায় সিরিয়ার সেনাসদস্য হতাহতের কথা আমরা শুনেছি। কিন্তু ওই এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোট কোনো হামলা চালায়নি।’ তিনি বলেন, সিরিয়া কর্তৃপক্ষ যে স্থানে হামলায় তার সেনাসদস্য হতাহতের কথা উল্লেখ করছে, মার্কিন জোট ওই এলাকা থেকে ৫৫ কিলোমিটার দূরের একটি জায়গায় হামলা চালিয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে জানানো হয়, সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন হামলায় সেনাসদস্য হতাহতের ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়ে আজ সোমবার জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও নিরাপত্তা পরিষদের কাছে চিঠি লিখেছে। চিঠিতে অভিযোগ করা হয়েছে, এই হামলায় জাতিসংঘের সনদও লঙ্ঘিত হয়েছে। এই হামলার বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা নিতে এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধের পদক্ষেপ নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানায় সিরিয়া। চিঠিতে জানানো হয়, সিরিয়ার পূর্বাঞ্চলীয় দের এজোর প্রদেশে সরকারি সেনাশিবিরে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত তিন সেনা নিহত ও ১৩ জন আহত হন।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস অবশ্য জানায়, ওই হামলায় চার সেনা নিহত হয়। আহত হন ১৩ জন।