জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা গত শনিবার পূর্ব সিরিয়ার অবরুদ্ধ শহর দেইর আল-জুরের একটি হাসপাতাল দখলে নিয়ে সরকারি বাহিনীর অন্তত ৩৫ সদস্যকে হত্যা করেছে। এ ছাড়া তারা হাসপাতালটির কয়েকজন কর্মীকে জিম্মি করে। পরে কয়েক ঘণ্টা ধরে লড়াই করে সরকারি বাহিনী হাসপাতালটি পুনর্দখল করে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম ও একটি পর্যবেক্ষক সংগঠন এ তথ্য জানিয়েছে।
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলে, শনিবার ভোরে দেইর আল-জুর শহরের পশ্চিমের আসাদ হাসপাতালকে লক্ষ্য করে আইএস হামলা চালায়। হাসপাতালটির ভেতরে ও বাইরে তুমুল সংঘর্ষ চলে। এতে সরকারি বাহিনীর সদস্য ছাড়াও আইএসের অন্তত ২৪ জন যোদ্ধা নিহত হয়। একপর্যায়ে সরকারি বাহিনী হাসপাতালটি পুনর্দখল করতে সক্ষম হয়। তবে এর আগেই জিম্মি হওয়া হাসপাতালকর্মীদের ভাগ্যে কী ঘটেছে, তা জানা যায়নি।
আইএসের আমাক বার্তা সংস্থা জানায়, এর যোদ্ধারা দেইর আল-জুরে ‘বড় আক্রমণ’ চালিয়েছে। তারা দেইর আল-জুরের আসাদ হাসপাতালে হামলা চালিয়েছে এবং সিরিয়ার সেনা ঘাঁটি ও বিমানবন্দরের সরবরাহ রুট বিচ্ছিন্ন করে দিয়েছে। দেইর আল-জুর শহরের অর্ধেকের বেশি এলাকা নিয়ন্ত্রণ করছে আইএস। দেশটিতে আইএসের মূল ঘাঁটি রাকার জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ রুটও এটি। তাই আইএস চাইছে পুরো দেইর আল-জুর শহরই দখলে নিতে।
বিশ্লেষকেরা বলছেন, সম্প্রতি আইএস খানিকটা পিছু হটলেও এ হামলা দেখিয়ে দেয় যে সিরিয়ার সরকারি স্থাপনার জন্য আইএস এখনো হুমকিস্বরূপ।