সিরিয়ায় আইএস অবস্থানে আবার জোটের হামলা
সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর কোবানির কাছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে আবার বিমান হামলা চালিয়েছে মার্কিন নেতৃত্বাধীন জোট। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, সিরিয়ার ভেতরের তুর্কি ‘ছিটমহল’ পাহারায় নিযুক্ত তুর্কি সেনারা আক্রান্ত হলে পাল্টা হামলা চালানো হবে। খবর এএফপি ও বিবিসির।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমানগুলো গত শুক্রবার রাতে কুর্দি-অধ্যুষিত কোবানি শহরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এলাকায় অন্তত চার দফা হামলা চালায়। এসব হামলায় আইএসের কিছু সামরিক উপকরণ ধ্বংস হয়েছে।
কোবানি শহরে অবস্থানরত মানবাধিকারকর্মী মুস্তফা এবাদিও বিমান হামলার খবর দিয়েছেন। তিনি বলেন, ‘তারা (আন্তর্জাতিক জোট) গত রাতে মূলত পূর্ব ফ্রন্টে বিমান হামলা চালিয়েছে।’
সিরিয়ার তৃতীয় বৃহত্তম কুর্দি শহর কোবানিতে গত শুক্রবার অবিরাম গোলা নিক্ষেপ করে আইএস। এর পরই সেখানে বিমান হামলা চালানো হলো। মানবাধিকারকর্মী এবাদি ও অবজারভেটরি উভয়ের ভাষ্যমতে, আইএস ওই দিন কোবানি শহর লক্ষ্য করে অন্তত ৮০টি গোলা নিক্ষেপ করেছে।
এদিকে সিরিয়ার ভেতরে অবস্থিত সাবেক ওসমানিয়া (অটোমান) সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমানের দাদা সুলাইমান শাহর কবর সুরক্ষায় নিয়োজিত তুর্কি সেনাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তুরস্ক। সম্প্রতি গণমাধ্যমে খবর বের হয়, ওই ‘ছিটমহল’ ঘিরে রেখেছে আইএস জঙ্গিরা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গতকাল বলেন, ‘সেখানে কিছু ঘটলে আমরা জবাব দিতে একটুও দ্বিধা করব না।’
সুলাইমান শাহর কবরের চারপাশ ঘিরে ক্ষুদ্র ভূখণ্ডটিকে তুরস্কের ‘ছিটমহল’ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ১৯২০ সালে এক চুক্তির মাধ্যমে সেটি তুরস্কের হাতে তুলে দেয় সিরিয়ার তখনকার শাসক ফ্রান্স। ওই ভূখণ্ডে ৪০ জন তুর্কি সেনা মোতায়েন রয়েছেন। এরদোয়ান হুমকি দিয়ে বলেন, কেউ যদি তাঁদের মাথার একটা চুলও স্পর্শ করে, তাহলে তুরস্ক তার সেনাবাহিনী ব্যবহার করে প্রয়োজনীয় সবকিছুই করবে।
এদিকে নেদারল্যান্ডস আইএসবিরোধী অভিযানের জন্য আটটি যুদ্ধবিমান ও ২৫০ জন সহায়ক কর্মী পাঠাবে। এ ছাড়া আইএসবিরোধী আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার বিষয়ে কানাডার পার্লামেন্টে কাল সোমবার ভোটাভুটি হবে।