সিরিয়ায় আরও পুরাকীর্তি ধ্বংস আইএসের

সিরিয়ার প্রাচীন শহর পালমিরার আরেকটি পুরাকীর্তি গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। দেশটির কর্মকর্তা ও স্থানীয় সূত্র এমন দাবি করেছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পালমিরার আন্দোলনকর্মী মোহাম্মদ হাসান আল-হোমসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘পালমিরার বিজয় তোরণ বলে পরিচিত ওই প্রাচীন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এটা আইএস ধ্বংস করেছে।’
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করা যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ধ্বংসের তথ্যের সত্যতা নিশ্চিত করেছে সূত্র।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন সিরিয়ার পুরাতত্ত্ব বিভাগের পরিচালক মামুন আবদুল করিম।
ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত পালমিরা গত মে মাসে দখল করে নেয় আইএস। এরপর বিশ্বজুড়ে শঙ্কা তৈরি হয়, জঙ্গিরা ঐতিহ্যপূর্ণ এই নগরটি ধ্বংস করে ফেলবে। আইএসের জঙ্গিরা ইতিমধ্যে পালমিরার দুটি মন্দির ধ্বংস করেছে।
শহর দেখভালের সঙ্গে যুক্ত থাকা ৮২ বছর বয়সী প্রত্নতত্ত্ববিদ খালেদ আল-আসাদকে গলা কেটে হত্যা করে আইএস। তাঁর মরদেহ প্রাচীন একটি স্তম্ভের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়।
রোমান স্থাপত্যের নিদর্শনবাহী পালমিরাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থানগুলোর অন্যতম বলে বিবেচনা করা হয়।
দুই হাজার বছরের বেশি সময় ধরে অনন্য সব স্থাপত্য আর রাস্তাঘাট নিয়ে টিকে আছে পালমিরা।
সিরিয়ার রাজধানী দামেস্কের ২১০ কিলোমিটার উত্তর-পূর্বে পালমিরা অবস্থিত। শহরটি মূলত একটি মরূদ্যান। সিরিয়ায় পালমিরার পরিচিতি ‘তাদমুর’ নামে। এর অর্থ হচ্ছে ‘খেজুরের শহর’।