সিরিয়ায় এক বছরে আইএসের হাতে নিহত তিন হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট গত এক বছরে সিরিয়ায় তিন হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গতকাল রোববার এ কথা জানিয়েছে। খবর এএফপির।
গত বছরের ২৯ জুন থেকে এ পর্যন্ত নিহত ৩ হাজার ২৭ জনের তালিকা তৈরি করেছে মানবাধিকার সংগঠনটি। নিহত হওয়া এসব মানুষের মধ্যে ১ হাজার ৭৮৭ জন সাধারণ নাগরিক। তাদের মধ্যে ৭৪টি শিশু রয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ২১৬ জন কুর্দি যোদ্ধা। গত সপ্তাহে সিরিয়ার কুর্দিদের শহর কোবানি দখলের সময় ২২৩ জনকে হত্যা করা হয়। তালিকায় তাদের নামও যুক্ত আছে। আইএস নিজ দলের ১৪৩ সদস্যকে হত্যা করেছে। গোয়েন্দাগিরি এবং দল ছেড়ে চলে যাওয়ার চেষ্টার কারণে এসব সদস্যকে হত্যা করে জঙ্গি সংগঠনটি।
সংগঠনটি বলছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় এযাবৎ আইএসের আট হাজার সদস্য নিহত হয়েছে।