সিরিয়ার রাজধানী রাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় মাত্র ২৪ ঘণ্টায় ১৪ শিশুসহ অন্তত ২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত মঙ্গলবার সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছে একই পরিবারের ১৪ জন সদস্য, যারা পালমিরা থেকে রাকায় এসেছিল। যদিও এ হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে মার্কিন নেতৃত্বাধীন জোটের বক্তব্য পাওয়া যায়নি।
সিরিয়া ও ইরাকে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে মার্কিন নেতৃত্বাধীন জোট মূলত বিমান হামলা চালিয়ে থাকে। বেসামরিক ব্যক্তিদের ঘহতাহত হওয়ার টনা এড়াতে জোর চেষ্টার দাবি করে থাকে এই জোট। গত জুলাইয়ে মার্কিন জোট জানায় যে ২০১৪ সালে ইরাক ও সিরিয়ায় আইএসবিরোধী অভিযান শুরুর পর থেকে তাদের হামলায় অন্তত ছয় শ বেসামরিক লোকের প্রাণহানি ঘটেছে। কিন্তু স্বাধীন পর্যবেক্ষক সংস্থাগুলোর হিসাবে এই সংখ্যা আরও বেশি।
মার্কিন সমর্থনপুষ্ট সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) গত জুন মাসে রকায় অভিযান পরিচালনা শুরু করে। এসডিএফ, সিরীয় সেনাবাহিনী ও তুরস্কের মদদপুষ্ট বিদ্রোহীদের আক্রমণে গত ১৮ মাসে সিরিয়ায় দখলকৃত অনেক এলাকা থেকে পিছু হটেছে আইএস।